জেলার খবর

মিরপুরে পুলিশ সদস্যকে একা পেয়ে বেধড়ক পেটালো আন্দোলনকারীরা

প্রকাশিত :
মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২৬
/
১ বার সংবাদটি দেখেছে

রাজধানীর মিরপুরের কালশী রোডে আন্দোলনরত পোশাক শ্রমিকদের হামলায় মো. সাইমন নামে এক পুলিশ কনস্টেবল আহত হয়েছেন। বর্তমানে তিনি রাজারবাগ পুলিশ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

মঙ্গলবার (৩ নভেম্বর) বেলা ১১টার দিকে এ হামলার ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীদের ধারণ করা একটি ভিডিওতে দেখা যায়, কয়েকজন ব্যক্তি লাঠি দিয়ে ওই পুলিশ সদস্যকে বেধড়ক মারধর করছেন। এ সময় কয়েকজনকে হামলাকারীদের থামানোর চেষ্টা করতেও দেখা যায়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জালাল উদ্দিন জানান, মিরপুর-১১ এলাকা থেকে শ্রমিকদের ধাওয়া দিয়ে ছত্রভঙ্গ করার পর তারা কালশী এলাকার দিকে সরে যান। এ সময় পল্লবী থানা থেকে পুলিশ সদস্যরা মিরপুর-১১-এর দিকে যাচ্ছিলেন। পথে দলছুট অবস্থায় এক কনস্টেবলকে পেয়ে তার ওপর হামলা চালান কয়েকজন শ্রমিক।

এর আগে, সকাল ১০টার দিকে মিরপুর-১১ মেট্রো স্টেশনের নিচে পোশাক শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়। এ সময় শ্রমিকরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। ওই সংঘর্ষের ঘটনায় অন্তত চারজনকে আটক করে পুলিশ।



কুশল/সাএ

মন্তব্য

0 টি মন্তব্য
👤
মন্তব্য লোড হচ্ছে...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *