জাতীয়

শেখ হাসিনা যতদিন বেঁচে থাকবে, ততদিন বিশৃঙ্খলার চেষ্টা করবে: তথ্য উপদেষ্টা

প্রকাশিত :
মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২৬
/
২ বার সংবাদটি দেখেছে

আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা জীবিত থাকা পর্যন্ত দেশে অস্থিরতা সৃষ্টির চেষ্টা চলতে পারে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। এ ধরনের অপচেষ্টা সরকার কঠোরভাবে প্রতিহত করবে বলে জানিয়েছেন তিনি। একই সঙ্গে পোশাকশ্রমিকদের জীবনযাত্রার ব্যয় ও কঠিন বাস্তবতা বিবেচনায় নিয়ে সরকার আগেই নতুন মজুরি বোর্ড গঠন করেছে উল্লেখ করে আন্দোলনকারীদের দ্রুত রাজপথ ছেড়ে কর্মস্থলে ফেরার আহ্বান জানিয়েছেন উপদেষ্টা।

মঙ্গলবার (৩ নভেম্বর) সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে আয়োজিত নিয়মিত সংবাদ ব্রিফিংয়ে দেশের চলমান পরিস্থিতি, জ্বালানির মূল্যবৃদ্ধি ও পোশাকশ্রমিকদের আন্দোলন নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

ডা. জাহেদ উর রহমান বলেন, সাধারণত পাঁচ বছর পরপর পোশাকশ্রমিকদের মজুরি পর্যালোচনা করা হয়। ২০০৬, ২০১০, ২০১৩, ২০১৮ ও ২০২৩ সালে মজুরি পুনর্নির্ধারণ করা হয়েছিল। সে হিসাবে ২০২৩ সালের পর ২০২৬ সালে নতুন করে মজুরি বোর্ড গঠনের কথা ছিল না। তবে জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি, মূল্যস্ফীতি ও জ্বালানির দাম বাড়ার বিষয়টি বিবেচনা করে সরকার আগেই নতুন মজুরি বোর্ড গঠন করেছে।

তিনি বলেন, ‘আমাদের গার্মেন্টস কর্মীদের জীবন কঠিন হয়ে উঠছে। এই মূল্যস্ফীতি ও জীবনযাত্রার ব্যয় বাড়ার বিষয়টি আমরা বুঝি। সরকার সহানুভূতিশীল হয়ে আগেই কমিশন গঠন করায় আন্দোলনের মূল যে দাবি, তা তো আসলে সমাধান হয়ে যাওয়ার কথা।’

আন্দোলনে বহিরাগতদের উসকানি ও সহিংসতার অভিযোগ তুলে তথ্য উপদেষ্টা বলেন, আন্দোলনের মধ্যে কিছু মানুষের সহিংস আচরণ দেখা যাচ্ছে, যা প্রকৃত পোশাকশ্রমিকদের স্বাভাবিক আচরণ হতে পারে না। তাঁর দাবি, আওয়ামী লীগের রাজনৈতিকভাবে সক্রিয় হওয়ার সক্ষমতা না থাকলেও দলটির বিপুল পরিমাণ অর্থ রয়েছে। সেই অর্থ ব্যয় করে বিভিন্ন স্থানে নাশকতা সৃষ্টির চেষ্টা করা হতে পারে। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সীমান্তে থাকা অশুভ শক্তির যোগসাজশের বিষয়টিও উল্লেখ করেন তিনি।

ডিসেম্বরে শেখ হাসিনার দেশে ফেরার গুঞ্জন প্রসঙ্গে জাহেদ উর রহমান বলেন, বিষয়টি কেবল ডিসেম্বরকেন্দ্রিক নয়। ১৯৯১ সালের নির্বাচনের পর শেখ হাসিনা সরকারকে এক দিনও শান্তিতে থাকতে দেবেন না বলে মন্তব্য করেছিলেন- এমন বক্তব্যের প্রসঙ্গ টেনে তিনি বলেন, শেখ হাসিনা বেঁচে থাকা পর্যন্ত দেশে অস্থিরতা সৃষ্টির চেষ্টা চলতে পারে।

আন্দোলন মোকাবিলায় সরকারের অবস্থান তুলে ধরে তথ্য উপদেষ্টা বলেন, বাংলাদেশের পুলিশ আর কখনোই ‘হাসিনার পুলিশের মতো’ হবে না। সরকার আগের সরকারের মতো দমন-পীড়নের পথ অনুসরণ করবে না।

তিনি বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর আইনি প্রক্রিয়ার মধ্যে থেকে আনুপাতিক হারে বল প্রয়োগের অধিকার রয়েছে। তবে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন স্থানে অসামঞ্জস্যপূর্ণ বলপ্রয়োগের অভিযোগ দেখা গেছে। সরকার চায়, পরিস্থিতি মোকাবিলার সময় সাধারণ মানুষের ভয় ও ক্ষয়ক্ষতি যেন সর্বনিম্ন পর্যায়ে থাকে।

এলপিজির দাম বৃদ্ধি প্রসঙ্গে তিনি বলেন, আন্তর্জাতিক পরিস্থিতি ও অর্থনৈতিক বাস্তবতার কারণে সরকারের ভর্তুকি দেওয়ার সক্ষমতা দিন দিন কমে আসছে। এর প্রভাব জ্বালানির দাম ও মূল্যস্ফীতির মাধ্যমে জনজীবনে পড়ছে।

পোশাকশ্রমিকদের আন্দোলন প্রসঙ্গে তিনি আরও বলেন, সরকার নতুন মজুরি বোর্ড গঠন করায় শ্রমিকদের বিষয়টি বোঝানো সম্ভব হবে বলে আশা করা হচ্ছে। প্রকৃত শ্রমিকেরা আন্দোলন থেকে সরে এসে কাজে ফিরলে আন্দোলনকে ঢাল হিসেবে ব্যবহার করে তৃতীয় কোনো পক্ষের পক্ষে দেশে অস্থিরতা তৈরি করা কঠিন হবে।



স্বাধীন/সা.এ.

মন্তব্য

0 টি মন্তব্য
👤
মন্তব্য লোড হচ্ছে...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *