
চট্টগ্রামের হাটহাজারীতে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার
চট্টগ্রামের হাটহাজারী উপজেলার একটি ভাড়া বাসার কক্ষ থেকে শোয়াইব আহম্মদ (২২) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (২ নভেম্বর) দুপুরে হাটহাজারী পৌরসভার ৪নং ওয়ার্ডের আব্দুল সবুর চৌধুরীর বাড়ির নিপা ভবনে এ ঘটনা ঘটে।
নিহত শোয়াইব আহম্মদ নীলফামারী জেলার ডিমলা উপজেলার পূর্ব ছাতনাই গ্রামের সাহেব আলীর ছেলে। তিনি হাটহাজারী এলাকাতে বসবাস করে দিনমজুরের কাজ করতেন বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, শোয়াইব ওই ভবনের একটি কক্ষে আরও দুইজনের সঙ্গে ভাড়া থাকতেন। সোমবার দুপুরে তাঁর এক রুমমেট মো. অলিউল্লাহ বাসায় ফিরে কক্ষের দরজা ভেতর থেকে বন্ধ দেখতে পান। দীর্ঘক্ষণ ডাকাডাকি করেও কোনো সাড়া না পেয়ে জানালা দিয়ে ভেতরে তাকিয়ে রুমের ফ্যানের সঙ্গে শোয়াইবকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরে বিষয়টি স্থানীয়দের সহযোগিতায় পুলিশকে খবর দেওয়া হয়।
খবর পেয়ে হাটহাজারী মডেল থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে কক্ষের দরজা ভেঙে মরদেহ উদ্ধার করে।
হাটহাজারী মডেল থানার উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ আলতাফ জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছে৷ প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে। তবে মৃত্যুর প্রকৃত কারণ উদ্ঘাটনে বিষয়টি তদন্ত করা হচ্ছে। লাশ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে৷
বাপ্পি/সা.এ
মন্তব্য
0 টি মন্তব্য