জাতীয়

সেই খেলার মাঠের বাকি জমি কিনতে সাড়ে ৪ কোটি টাকা দিচ্ছে সরকার

প্রকাশিত :
রোববার, ১ নভেম্বর, ২০২৬
/
২ বার সংবাদটি দেখেছে

মাদকের ছোবল থেকে তরুণ প্রজন্মকে রক্ষা করতে নিজেদের উদ্যোগে খেলার মাঠের জমি কিনেছেন টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলার দেউলী ইউনিয়নের বাবুপুর গ্রামের বাসিন্দারা। ধনী-গরিবের ভেদাভেদ ভুলে গ্রামবাসীর চাঁদায় কেনা হয়েছে ৬০ শতাংশ জমি। এবার তাঁদের এই উদ্যোগে পাশে দাঁড়িয়েছে সরকার। মাঠের বাকি জমি কেনার জন্য প্রায় সাড়ে চার কোটি টাকা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

রোববার (১ নভেম্বর) জাতীয় ক্রীড়া পরিষদে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক।

তিনি বলেন, বাবুপুরে খেলার মাঠের জন্য প্রয়োজনীয় সব ব্যবস্থা নিতে প্রধানমন্ত্রী তারেক রহমান নির্দেশ দিয়েছেন। প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী, বাকি জমি কেনার অর্থের জোগান দেবে সরকার।

এদিন জাতীয় ক্রীড়া পরিষদে বাবুপুর গ্রামের কয়েকজন বাসিন্দা, টাঙ্গাইলের অতিরিক্ত জেলা প্রশাসক এবং দেলদুয়ারের উপজেলা নির্বাহী কর্মকর্তার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন প্রতিমন্ত্রী। তাঁদের উপস্থিতিতে প্রধানমন্ত্রীর নির্দেশনা ও সরকারি সহায়তার সিদ্ধান্তের কথা জানান তিনি।

জানা গেছে, দেলদুয়ারের দেউলী ইউনিয়নের বাবুপুর গ্রামে খেলার মাঠের জন্য স্থানীয় বাসিন্দারা ইতিমধ্যে ৫৯ শতাংশ জমি কিনেছেন। জমির মালিক আরও ১ শতাংশ জমি দান করেছেন। সব মিলিয়ে বর্তমানে মাঠের জন্য ৬০ শতাংশ জমি রয়েছে। তবে পরিকল্পনা অনুযায়ী, একটি পূর্ণাঙ্গ খেলার মাঠের জন্য মোট ১৮০ শতাংশ জমি প্রয়োজন। ফলে আরও ১২০ শতাংশ জমি কিনতে হবে।

বাকি জমি কেনার জন্য সরকার ৪ কোটি ৪১ লাখ ৪৭ হাজার ৯২৮ টাকা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়েছেন প্রতিমন্ত্রী।

আমিনুল হক বলেন, খেলার মাঠের জন্য যা যা প্রয়োজন, তা নিশ্চিত করতে প্রধানমন্ত্রী নির্দেশনা দিয়েছেন। সেই নির্দেশনা বাস্তবায়নেই স্থানীয় বাসিন্দা ও প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করে সরকারি সহায়তার বিষয়টি জানানো হয়েছে। বাকি জমি কেনার অর্থ সরকার বহন করবে।

এর আগে গত বৃহস্পতিবার (২৯ অক্টোবর) আনুষ্ঠানিকভাবে মাঠের জন্য কেনা ৬০ শতাংশ জমি বুঝে নেন গ্রামবাসী। নিজেদের উদ্যোগে শুরু হওয়া এই প্রচেষ্টায় সরকারের সহযোগিতায় এবার পূর্ণাঙ্গ খেলার মাঠ গড়ে ওঠার আশা করছেন স্থানীয় বাসিন্দারা।



কুশল/সাএ

মন্তব্য

0 টি মন্তব্য
👤
মন্তব্য লোড হচ্ছে...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *