জেলার খবর

শ্রমিক আন্দোলনে নাশকতার অভিযোগে ১১ আ.লীগ নেতাকর্মী গ্রেপ্তার

প্রকাশিত :
রোববার, ১ নভেম্বর, ২০২৬
/
২ বার সংবাদটি দেখেছে

রাজধানীর মিরপুর-১০ ও আশপাশের এলাকায় পোশাক শ্রমিকদের ন্যূনতম মাসিক মজুরি বৃদ্ধির দাবিতে চলমান আন্দোলনকে কেন্দ্র করে সংঘর্ষ, অগ্নিসংযোগ ও নাশকতার চেষ্টার অভিযোগে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের ১১ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) মিরপুর বিভাগ।

রোববার (১ নভেম্বর) দুপুরে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন ডিবি মিরপুর বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মোহাম্মদ রাকিব খান।

তিনি বলেন, কয়েক দিন ধরে পোশাক শ্রমিকেরা বেতন বৃদ্ধির দাবিতে আন্দোলন করছেন। তবে গতকাল থেকে আন্দোলন ঘিরে সহিংসতা বেড়েছে। রোববারও পুলিশের সঙ্গে সংঘর্ষ এবং পুলিশের গাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। সাধারণ শ্রমিকদের ব্যবহার করে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা নাশকতার চেষ্টা করছেন বলে অভিযোগ করেন তিনি। শ্রমিক আন্দোলনের মধ্য থেকে অভিযান চালিয়ে ১১ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

ডিবির এই কর্মকর্তা আরও জানান, মিরপুর-১০ ও আশপাশের এলাকায় অভিযান চালিয়ে গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে বরিশাল, পটুয়াখালী, কক্সবাজার ও গাইবান্ধাসহ বিভিন্ন জেলার তৃণমূল পর্যায়ের নেতাকর্মীরা রয়েছেন।

তিনি দাবি করেন, মিরপুরের পলাতক সংসদ সদস্য ইলিয়াস মোল্লার ভাগনে আলিফ মোল্লা নাশকতার সমন্বয়ক হিসেবে কাজ করছেন। ঢাকার বাইরে বিভিন্ন জেলা থেকে নেতাকর্মীদের ঢাকায় আনার দায়িত্বও তাঁর ছিল বলে অভিযোগ করেন তিনি।

ডিসি রাকিব খান বলেন, ওই এলাকায় প্রায় শতাধিক নেতাকর্মীর উপস্থিতির তথ্য পাওয়া গেছে। তাঁদের শনাক্ত করে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।



কুশল/সাএ

মন্তব্য

0 টি মন্তব্য
👤
মন্তব্য লোড হচ্ছে...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *