জাতীয়

লংমার্চের নামে ১১ দলীয় ঐক্যজোট গাড়িমার্চ করছে: সংস্কৃতিমন্ত্রী

প্রকাশিত :
শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬
/
৭ বার সংবাদটি দেখেছে

জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যজোট লংমার্চের নামে গাড়িমার্চ করছে বলে মন্তব্য করেছেন সংস্কৃতিবিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী।

শনিবার (৩১ অক্টোবর) দুপুরে চুয়াডাঙ্গা সার্কিট হাউজে জেলা প্রশাসন, পুলিশ বিভাগ ও সাংস্কৃতিক কর্মীদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

সংস্কৃতিমন্ত্রী বলেন, ‘লংমার্চের ইতিহাস হচ্ছে পায়ে হেঁটে করতে হয়। কিন্তু তারা (১১ দলীয় জোট) যেটা করছে, সেটাকে গাড়িমার্চ বলে। এই গাড়িমার্চের মাধ্যমেই তারা তাদের কথা বলবে, মানুষ শুনবে। এগুলো নিয়ে আমাদের মন্তব্য নেই, এটি তাদের ব্যাপার। আমরা চাই, একটি দেশে যাদের রাজনীতি করার অধিকার আছে, তারা রাজনীতি করুক।’

মতবিনিময় সভায় মাদক, চোরাচালান, বাল্যবিবাহ ও আত্মহত্যার প্রবণতা রোধের বিভিন্ন পদ্ধতি নিয়ে আলোচনা হয়। এ সময় জেলায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আরও কঠোরভাবে দায়িত্ব পালনের নির্দেশ দেন মন্ত্রী।

আইনশৃঙ্খলা পরিস্থিতি প্রসঙ্গে নিতাই রায় চৌধুরী বলেন, ‘দেশের আইনশৃঙ্খলা ধীরে ধীরে ঠিক হচ্ছে। আশা করছি, চুয়াডাঙ্গাতেও পরিস্থিতি স্বাভাবিক হবে। এজন্য পুলিশ প্রশাসনসহ সবাইকে কাজ করতে হবে।’

সভায় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক লুৎফুন নাহার, পুলিশ সুপার মেহেদী শাহরিয়ার, জেলা পরিষদের প্রশাসক শরীফুজ্জামানসহ প্রশাসনের কর্মকর্তা ও সাংস্কৃতিক কর্মীরা।

পরে মন্ত্রী জেলা শিল্পকলা একাডেমি চত্বরে সপ্তাহব্যাপী নজরুল উৎসবের সমাপনী অনুষ্ঠানে অংশ নেন।

উল্লেখ্য, শনিবার সকালে ঢাকা-খুলনা-কুষ্টিয়া লংমার্চ শুরু করে জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যজোট। সকাল সাড়ে ৮টার দিকে রাজধানীর বায়তুল মোকাররমের দক্ষিণ গেট থেকে গাড়িবহরটি যাত্রা শুরু করে। বহরটি হানিফ ফ্লাইওভার হয়ে ঢাকা-মাওয়া মহাসড়ক ধরে ফরিদপুরের ভাঙ্গা, গোপালগঞ্জ ও খুলনা হয়ে রূপসা সেতু পার হয়ে যশোর ও কুষ্টিয়ার দিকে যাওয়ার কথা রয়েছে।



বাপ্পি/সা.এ

মন্তব্য

0 টি মন্তব্য
👤
মন্তব্য লোড হচ্ছে...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *