জেলার খবর

শাহজাদপুরে জাল ওয়ারিশান সনদ তৈরি করে ৮ কোটি টাকার সম্পত্তি দখলের অভিযোগ

প্রকাশিত :
শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬
/
৫ বার সংবাদটি দেখেছে

শাহজাদপুর পৌর এলাকার সাহাপাড়া মহল্লার এক হিন্দু পরিবারের প্রায় ৮ কোটি টাকা মূল্যের সম্পত্তি জাল ওয়ারিশান সনদ তৈরি করে হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে অ্যাডভোকেট আব্দুল আজিজ আনসার ও তার সহযোগীদের বিরুদ্ধে। শাহজাদপুর যুগ্ম জেলা জজ আদালতে বাটোয়ারা মামলা চলমান থাকা অবস্থায় এই জালিয়াতির ঘটনা ঘটে। অভিযোগ রয়েছে, আইনজীবী ও তার সহযোগীরা পারস্পরিক যোগসাজশে জাল ওয়ারিশান সনদ ব্যবহার করে রথীন্দ্র নারায়ণ দেওয়ানের (৬৫) কাছ থেকে রেজিস্ট্রি দলিলের মাধ্যমে পাওয়ার অব অ্যাটর্নি নিয়ে তড়িঘড়ি করে সম্পত্তি দখল ও বিক্রি করছেন।

গতকাল শুক্রবার শাহজাদপুর প্রেস ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করেন রথীন্দ্র নারায়ণ দেওয়ানের ভাতিজা শান্তনু দেওয়ান। লিখিত বক্তব্যে তিনি জানান, তার দাদা ব্রজেন্দ্র নারায়ণ দেওয়ান ছয়জন ওয়ারিশ রেখে মৃত্যুবরণ করেন, যার সনদ নম্বর ১৭৯৫ (৬)। তার কাকা রথীন্দ্র নারায়ণ দেওয়ান মানসিকভাবে কিছুটা ভারসাম্যহীন ছিলেন এবং গত ১০ জুলাই নিখোঁজ হন। এ ঘটনায় ১৬ জুলাই থানায় সাধারণ ডায়েরি করা হয় এবং তার ব্যবহৃত মোবাইল ফোনটিও বন্ধ রয়েছে।

শান্তনু দেওয়ান অভিযোগ করেন, তার কাকা নিখোঁজ থাকা অবস্থায় জাল ওয়ারিশান সনদ তৈরি করে নিজেকে একমাত্র ওয়ারিশ দাবি করে দ্বারিয়াপুর মৌজার ৫৪ শতক জমি অ্যাডভোকেট আব্দুল আজিজ আনসারসহ তিনজনের কাছে প্রায় ৩ কোটি টাকায় বিক্রি করা হয়েছে। এছাড়া একই কৌশলে দারিয়াপুর ও বেজগাতী মৌজার প্রায় ৫ কোটি টাকা মূল্যের সম্পত্তি অ্যাডভোকেট আব্দুল আজিজের নামে অপ্রত্যাহারযোগ্য পাওয়ার অব অ্যাটর্নি রেজিস্ট্রি করে নেওয়া হয়েছে। ওই পাওয়ার অব অ্যাটর্নি মূলে আব্দুল আজিজ জোরপূর্বক জমি দখল করে বিক্রি করছেন।

সংবাদ সম্মেলনে শান্তনু দেওয়ান ও তার মা লিপি রানী দেওয়ান জানান, নিখোঁজ রথীন্দ্র নারায়ণ দেওয়ান আদৌ জীবিত আছেন কি না, তা নিয়ে তারা সন্দিহান। এ বিষয়ে অভিযুক্তদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তারা সাড়া দেননি। পুলিশও এখন পর্যন্ত নিখোঁজ রথীন্দ্র নারায়ণ দেওয়ানের কোনো সন্ধান দিতে পারেনি। ভুক্তভোগী পরিবারটি এ বিষয়ে যথাযথ কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ ও সহযোগিতা কামনা করেছে।



কুশল/সাএ

মন্তব্য

0 টি মন্তব্য
👤
মন্তব্য লোড হচ্ছে...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *