জেলার খবর

নাটোরে শাকিল হত্যা: ন্যায়বিচারের আশ্বাস পুতুলের, ইন্ধনদাতাদের গ্রেপ্তারের দাবি

প্রকাশিত :
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬
/
৭ বার সংবাদটি দেখেছে

নাটোরের গুরুদাসপুরে সন্ত্রাসী হামলায় নিহত পৌর ছাত্রদলের সদস্য সচিব শাকিলের পরিবারের সাথে দেখা করেছেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল ও বাংলাদেশ কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিবের নেতৃত্বে প্রতিনিধিদল।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) বিকেলে ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিবের নেতৃত্বে কেন্দ্রীয় সংসদের নেতারা প্রথমে উপজেলার খামার চাঁচকৈড় কেন্দ্রীয় কবরস্থানে গিয়ে শাকিলের কবর জিয়ারত করেন। এরপর কেন্দ্রীয় ছাত্রদল নেতারা বাসায় গিয়ে তার পরিবারের সাথে কথা বলেন। এসময় ছাত্রদল সভাপতি শাকিল হত্যার ইন্ধন ও অর্থ যোগানদাতাদের চিহ্নিত করে গ্রেফতারের দাবি জানান।

ছাত্রদল নেতারা থাকা অবস্থায় সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুলসহ জেলা বিএনপির নেতারা শাকিলের বাসায় উপস্থিত হন।

এসময় প্রতিমন্ত্রী পুতুল বলেন, এই হত্যার সাথে যেই জড়িত থাকুক তাকে আইনের আওতায় এনে বিচার নিশ্চিত করা হবে। এজন্য হত্যার বিষয়ে তথ্য প্রদানে সবার সহযোগিতা চান প্রতিমন্ত্রী।

উল্লেখ্য, গত ১৪ আক্টোবর রাতে উপজেলার চাঁচকৈড় বাজার থেকে বাড়ি ফেরার পথে হেলমেটধারী সন্ত্রাসীরা শাকিলকে প্রথমে গুলি ও পরে কুপিয়ে জখম করে পালিয়ে যায়। সেখান থেকে শাকিলকে গুরুতর অবস্থায় প্রথমে উপজেলা হাসপাতাল ও পরে রাজশাহী মেডিকেল থেকে ঢাকার পিজি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় ২৬ অক্টোবর রাতে মারা যায় শাকিল।

শাকিল ইসলাম হত্যার ঘটনায় নাটোর-৪ আসনের বিএনপি দলীয় এমপি আব্দুল আজিজের পুত্র নুরুজ্জামান মিন্টুকে ২৬ অক্টোবর রাতেই ডিবি পুলিশ গ্রেফতার করে। আদালত ২৭ অক্টোবর মিন্টুর ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেন। মিন্টু বর্তমানে রিমান্ডে রয়েছেন।

মন্তব্য

0 টি মন্তব্য
👤
মন্তব্য লোড হচ্ছে...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *