জেলার খবর

বগাসহ ১৩ জনের জামিন নামঞ্জুর

প্রকাশিত :
মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬
/
৬ বার সংবাদটি দেখেছে

চট্টগ্রাম নগরীতে খুলশী থানা পুলিশের ওপর হামলার ও গাড়ি ভাংচুরের ঘটনায় করা মামলায় পুলিশের তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী ও মহানগর স্বেচ্ছাসেবক দলের বহিষ্কৃত নেতা ওয়াকিল হোসেন ওরফে বিহারী বগাকে গ্রেপ্তার দেখানোর আদেশ দিয়েছেন আদালত। একই মামলায় আত্মসমর্পণ করে জামিন চাওয়া বগার দুই ভাইসহ ১২ সহযোগীর জামিন আবেদনও নামঞ্জুর করা হয়েছে। এ ছাড়া পৃথক আরেকটি মামলায় বগার জামিন আবেদন নামঞ্জুর করে তাঁকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

২৭ অক্টোবর, মঙ্গলবার সকালে চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক এ জি এম মনিরুল হাসান সরকার পৃথক দুটি মামলার শুনানি শেষে এসব আদেশ দেন।

চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর (এপিপি) অ্যাডভোকেট রায়হানুল ওয়াজেদ চৌধুরী বিডি২৪লাইভে কে বলেন, “বগা অন্য একটি মামলায় আগে থেকেই কারাগারে ছিলেন। পুলিশের ওপর হামলার ঘটনায় খুলশী থানায় করা মামলায় তাঁকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়। শুনানি শেষে আদালত তাঁকে ওই মামলায় গ্রেপ্তার দেখানোর আদেশ দেন। একই মামলায় আত্মসমর্পণ করে জামিনের আবেদন করা বাকি ১২ আসামির জামিনও নামঞ্জুর করা হয়েছে।”

আদালত সূত্রে জানা গেছে, পাহাড়তলী কলেজের এক শিক্ষকে অপহরণ ও নির্যাতনের অভিযোগে করা আরেকটি মামলায় বগার জামিন আবেদনের শুনানি ছিল। ওই মামলায় তিনি এতদিন হাইকোর্টের অন্তর্বর্তীকালীন জামিনে ছিলেন। সোমবার জামিনের মেয়াদ শেষ হওয়ায় মঙ্গলবার আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন তাঁর আইনজীবীরা। শুনানি শেষে আদালত সেই আবেদনও নামঞ্জুর করেন।

উল্লেখ্য, গত ৬ অক্টোবর হত্যা-হুমকি, চাঁদাবাজি, বসতঘরে ঢুকে ভাঙচুর ও ক্ষতিসাধনের অভিযোগে খুলশী থানায় মামলা করেন নাসিরাবাদ হাউজিং সোসাইটির বাসিন্দা শেখ মুহাম্মদ আরিফ। মামলায় বগাসহ ৩৮ জনের নাম উল্লেখ করা হয়। এ ছাড়া অজ্ঞাতপরিচয় আরও ১৫০ থেকে ২০০ জনকে আসামি করা হয়।

গত ১৮ অক্টোবর সেই মামলায় আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেছিলেন বগা। সেদিন আদালত তাঁর জামিন আবেদন নামঞ্জুর করলে তাঁকে কারাগারে পাঠানো হয়। এরপর থেকে তিনি চট্টগ্রাম কারাগারে রয়েছেন।

পুলিশের অপরাধসংক্রান্ত তথ্যভাণ্ডার পিসিপিআরের তথ্য অনুযায়ী, চাঁদাবাজি, হত্যাচেষ্টা, বিস্ফোরক ও অস্ত্রসহ বিভিন্ন অপরাধের ঘটনায় বগার বিরুদ্ধে ২৩টি মামলা রয়েছে। চট্টগ্রামের রাজনীতিতে ওয়াকিল হোসেন প্রকাশ বিহারী বগা বিএনপি নেতা ও চসিক প্রশাসক ডাঃ শাহাদাত হোসেনের অনুসারী হিসেবে পরিচিত৷



স্বাধীন/সা.এ.

মন্তব্য

0 টি মন্তব্য
👤
মন্তব্য লোড হচ্ছে...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *