জেলার খবর

সরিষাবাড়ীতে গরু চোর ধরতে গিয়ে হামলায় আহত ৪

প্রকাশিত :
সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬
/
৬ বার সংবাদটি দেখেছে

জামালপুরের সরিষাবাড়ীতে চুরি হওয়া গরু উদ্ধার করতে গিয়ে সশস্ত্র হামলায় চারজন আহত হয়েছেন। সোমবার ভোররাতে পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের সাতপোয়া এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, সাতপোয়া উত্তরপাড়া এলাকার মো. ইমান আলীর গোয়ালঘর থেকে একটি সশস্ত্র চোর চক্র তিনটি গরু চুরি করে। চোরেরা দুটি গরু গাড়িতে তুলে নিয়ে পালিয়ে যাওয়ার সময় মালিক ইমান আলী ও সেলিম মোটরসাইকেল নিয়ে তাদের ধাওয়া করেন। একপর্যায়ে খালেকের মোড় এলাকার মুরগির ফার্মের কাছে চোরেরা গাড়ি থামিয়ে ইমান আলী ও সেলিমকে রামদা দিয়ে কুপিয়ে জখম করে। তাদের চিৎকারে এলাকাবাসী এগিয়ে এলে চোরেরা তাদের ওপরও হামলা চালিয়ে পালিয়ে যায়।

আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক ইমান আলীকে উন্নত চিকিৎসার জন্য জামালপুর জেনারেল হাসপাতালে স্থানান্তর করেন। এ ঘটনায় মোট চারজন আহত হয়েছেন।

এলাকাবাসীর অভিযোগ, সরিষাবাড়ী এলাকায় সম্প্রতি চুরি ও হামলার ঘটনা আশঙ্কাজনকভাবে বৃদ্ধি পেয়েছে। এর আগে ধনবাড়ী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও সাংবাদিক হাফিজুর রহমানকে পিকআপ ভ্যান দিয়ে পথরোধ করে মারধর ও তার মোটরসাইকেল ভাঙচুরের ঘটনা ঘটে। উপজেলায় আইনশৃঙ্খলার চরম অবনতি হওয়ায় স্থানীয়রা উদ্বেগ প্রকাশ করেছেন।



সালাউদ্দিন/সাএ

মন্তব্য

0 টি মন্তব্য
👤
মন্তব্য লোড হচ্ছে...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *