জেলার খবর

হরিপুরে বাইসাইকেল পড়ে ছিল দিঘির পাড়ে, পুকুরে মিলল মামা-ভাগিনার নিথর দেহ

প্রকাশিত :
রোববার, ২৫ অক্টোবর, ২০২৬
/
৮ বার সংবাদটি দেখেছে

এক বাইসাইকেলে ঘুরতে বেরিয়ে আর বাড়ি ফেরা হলো না মামা-ভাগিনার। ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার আমগাঁও গ্রামে পুকুরের পানিতে ডুবে করুণ মৃত্যু হয়েছে দুই কিশোরের।

নিহতরা হলো উপজেলার আমগাঁও গ্রামের আব্দুল ওহাব সরকারের ছেলে ও সপ্তম শ্রেণির ছাত্র উমর আলী (১৫) এবং তার ভাগিনা মিরাজ (১৪), সে ইমরান আলীর ছেলে।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, গত শনিবার (২৪ অক্টোবর) দুপুরে বাইসাইকেল নিয়ে বাড়ি থেকে বের হয় মামা উমর ও ভাগিনা মিরাজ। বিকেল গড়িয়ে সন্ধ্যা নামলেও তারা না ফেরায় উদ্বিগ্ন হয়ে পড়েন স্বজনেরা। শুরু হয় খোঁজাখুঁজি।

পরে রাতের আঁধারে স্থানীয় বড় দিঘির পাড়ে তাদের বাইসাইকেলটি পড়ে থাকতে দেখেন গ্রামবাসী। তখন খবর দেওয়া হয় ফায়ার সার্ভিসে। ফায়ার সার্ভিসের কর্মীরা এসে পুকুরে তল্লাশি শুরু করেন।

তল্লাশির এক পর্যায়ে রাত ২টার দিকে একজনের এবং ভোরে আরেকজনের মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় পুরো আমগাঁও গ্রামে শোকের ছায়া নেমে এসেছে।

কীভাবে তারা পানিতে পড়ল, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তবে ধারণা করা হচ্ছে, বাইসাইকেল চালাতে গিয়ে পা পিছলে বা সাঁতার না জানার কারণে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে থাকতে পারে।

এ বিষয়ে হরিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হাকিম আজাদ জানান, দুজনের মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।



কুশল/সাএ

মন্তব্য

0 টি মন্তব্য
👤
মন্তব্য লোড হচ্ছে...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *