জেলার খবর

চোর সন্দেহে গণপিটুনিতে নিহত ২

প্রকাশিত :
রোববার, ২৫ অক্টোবর, ২০২৬
/
৯ বার সংবাদটি দেখেছে

রংপুরের গঙ্গাচড়ায় ব্যাটারিচালিত অটোরিকশা চুরির অভিযোগে গণপিটুনিতে দুই ব্যক্তি নিহত হয়েছেন। রোববার (২৫ অক্টোবর) ভোরে উপজেলার বড়বিল ইউনিয়নের বাগপুর বাগেরহাট গ্রামের পুকুর খুড়ির দোলা ক্যানেল এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন কচুয়া সরদারপাড়া এলাকার এজারুল ওরফে রেজাউল কানা (৪৫) এবং কোলকোন্দ ইউনিয়নের বাসিন্দা সাদিকুল ইসলাম (২৫)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার ভোরে স্থানীয় বাসিন্দা সোহেল মিয়ার বাড়ি থেকে একটি ব্যাটারিচালিত অটোরিকশা চুরি করে নিয়ে যাওয়ার চেষ্টা করেন ওই দুই ব্যক্তি। বিষয়টি টের পেয়ে সোহেল মিয়া চিৎকার শুরু করেন। পরে পাশের মসজিদের মাইকে ‘চোর, চোর’ বলে ঘোষণা দেওয়া হয়।

মসজিদের মাইকে ঘোষণা শুনে ফজরের নামাজ পড়তে আসা মুসল্লি ও স্থানীয় বাসিন্দারা অটোরিকশাসহ ওই দুই ব্যক্তিকে ধাওয়া করেন। একপর্যায়ে তাঁরা অটোরিকশাটি ফেলে পালানোর চেষ্টা করেন।

পরে স্থানীয় লোকজন ধাওয়া করে সোহেল মিয়ার বাড়ি থেকে প্রায় আধা কিলোমিটার পশ্চিমে উত্তর পানাপুকুর এলাকার পুকুর খুড়ির দোলার একটি ধানক্ষেত থেকে তাঁদের আটক করেন। সেখানে উত্তেজিত জনতা তাঁদের মারধর করে। এতে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয় বলে জানা গেছে।

গঙ্গাচড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুস সবুর জানান, স্থানীয় লোকজনের কাছ থেকে প্রাথমিকভাবে জানা গেছে, অটোরিকশা চুরির অভিযোগে উত্তেজিত জনতার গণপিটুনিতে ওই দুই ব্যক্তির মৃত্যু হয়েছে।

তিনি আরও জানান, নিহতদের মরদেহ উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে। ময়নাতদন্তের পর অভিযোগকারীদের সঙ্গে কথা বলে এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।



কুশল/সাএ

মন্তব্য

0 টি মন্তব্য
👤
মন্তব্য লোড হচ্ছে...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *