জেলার খবর

বরগুনা জেলায় এবার ১৪৬টি মণ্ডপে অনুষ্ঠিত হবে দুর্গাপূজা

প্রকাশিত :
শনিবার, ১০ অক্টোবর, ২০২৬
/
১৪ বার সংবাদটি দেখেছে

শারদীয় দুর্গোৎসবের আর মাত্র ৫দিন বাকি। বরগুনা জেলায় এবার ১৪৬টি মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে, যা গত বছরের তুলনায় ৯টি বেশি। শেষ মুহূর্তের ব্যস্ততায় দিন পার করছেন মৃৎশিল্পীরা। রঙের কাজ শেষে এখন চলছে প্রতিমাকে সর্বোচ্চ সুন্দর করে সাজিয়ে তোলার কাজ।

কাশফুল জানান দিচ্ছে শরৎ এসেছে। হিন্দু শাস্ত্র মতে, এবার দেবী দুর্গা হাতিতে চড়ে মর্ত্যে আগমন করবেন। বছর ঘুরে এই উৎসবকে ঘিরে সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে বিরাজ করছে উৎসবের আমেজ। নতুন জামা-কাপড় কেনা, মণ্ডপে মণ্ডপে প্রতিমা দর্শন, মঙ্গল কামনায় প্রার্থনা আর প্রিয় খাবারে উৎসব উদযাপনের অপেক্ষায় প্রহর গুনছেন সব বয়সের মানুষ।

সাম্প্রদায়িক সম্প্রীতির জেলা হিসেবে পরিচিত বরগুনায় শান্তিপূর্ণ পরিবেশে পূজা উদযাপনের আশা প্রকাশ করেছেন মুসলিম সম্প্রদায়ের মানুষও।

স্থানীয় সমাজসেবক মো. আবুল কালাম আজাদ বলেন, “বরগুনা সম্প্রীতির জেলা। এখানে সব ধর্মের মানুষ মিলেমিশে পূজা উদযাপন করে। আশা করি এবারও শান্তিপূর্ণভাবে পূজা হবে।”

নিরাপত্তা নিয়ে প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়েছে কঠোর প্রস্তুতি। জেলা পুলিশ, নৌ-বাহিনী, এসআরবি, আনসার ও সাদা পোশাকে গোয়েন্দা সংস্থার সদস্যরা দায়িত্ব পালন করবেন। অতিরিক্ত পুলিশ সুপার মো. মুকিত হাসান খাঁন বলেন, “১৪৬টি মণ্ডপের প্রতিটিতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে আমরা তৎপর রয়েছি।”

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. অনিমেষ বিশ্বাস বলেন, “শান্তিপূর্ণভাবে পূজা উদযাপনে জেলা প্রশাসনের সব ধরনের প্রস্তুতি সম্পন্ন।”

আগামী ১৬ অক্টোবর বোধন পূজার মধ্য দিয়ে পাঁচ দিনব্যাপী সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় এই ধর্মীয় উৎসব শুরু হবে।



বাপ্পি/সা.এ

মন্তব্য

0 টি মন্তব্য
👤
মন্তব্য লোড হচ্ছে...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *