জেলার খবর

ঢাকা কলেজ-আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের সংঘর্ষ

প্রকাশিত :
রোববার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬
/
১৪ বার সংবাদটি দেখেছে

রাজধানীর সায়েন্সল্যাব এলাকায় ঢাকা কলেজ ও ধানমন্ডি আইডিয়াল কলেজের উচ্চমাধ্যমিক শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে সায়েন্সল্যাব ও আশপাশের এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। সাময়িকভাবে বন্ধ হয়ে যায় গুরুত্বপূর্ণ সড়কের যান চলাচল।

বৃহস্পতিবার (২৭ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে দুই কলেজের শিক্ষার্থীদের মধ্যে এ সংঘর্ষ শুরু হয়। এ সময় শিক্ষার্থীদের একে অপরকে ধাওয়া ও পাল্টা ধাওয়া করতে দেখা যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ দুই রাউন্ড টিয়ার গ্যাস নিক্ষেপ করে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সংঘর্ষের একপর্যায়ে কয়েকজন শিক্ষার্থী পুলিশের দিকে ইট-পাটকেল ছুড়ে মারেন। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে।

রমনা থানার অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার শওকত আলী জানান, প্রায় ২০০ জন ঢাকা কলেজের শিক্ষার্থী আইডিয়াল কলেজের দিকে এগিয়ে গেলে সংঘর্ষের সূত্রপাত হয়। সংঘর্ষের কারণে মিরপুর থেকে নিউ মার্কেট পর্যন্ত সড়কে যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়।

তবে কী কারণে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের সূত্রপাত হয়েছে, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।

এর আগে, গত বছরের ৯ নভেম্বর ঢাকা কলেজ, আইডিয়াল কলেজ ও সিটি কলেজের শিক্ষার্থীদের মধ্যে বিরোধ মেটাতে নিউ মার্কেট থানার মধ্যস্থতায় একটি ‘শান্তি চুক্তি’ হয়। সেখানে ভবিষ্যতে সংঘর্ষে না জড়ানোর বিষয়ে শিক্ষার্থীরা অঙ্গীকার করেন।

তবে ওই চুক্তির এক মাসের মধ্যেই, ৯ ডিসেম্বর, ফের ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজের শিক্ষার্থীরা সংঘর্ষে জড়িয়ে পড়েন।

নিউজটি লেখা পর্যন্ত সায়েন্সল্যাব এলাকায় উত্তেজনাকর পরিস্থিতি বিরাজ করছিল। পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা বাহিনী ঘটনাস্থলে অবস্থান করছিল।



রোহান/সা.এ.

মন্তব্য

0 টি মন্তব্য
👤
মন্তব্য লোড হচ্ছে...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *