
ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু
দেশে ডেঙ্গুর প্রকোপ এখনো উদ্বেগজনক পর্যায়ে রয়েছে। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও দুইজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ৭৯০ জন রোগী দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।
শুক্রবার (১১ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত ডেঙ্গু পরিস্থিতি বিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
প্রতিবেদন অনুযায়ী, গত এক দিনে মারা যাওয়া দুই ডেঙ্গু রোগীর মধ্যে একজন ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকার এবং অন্যজন চট্টগ্রাম বিভাগের বাসিন্দা।
নতুন ভর্তি হওয়া রোগীদের মধ্যে সবচেয়ে বেশি ২৪৯ জন রয়েছেন ঢাকা বিভাগে। এছাড়া চট্টগ্রাম বিভাগে ১৯৬ জন, ময়মনসিংহে ৭৩ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকায় ৬২ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ৬১ জন, খুলনা বিভাগে ৬০ জন, রংপুরে ৩৮ জন, রাজশাহীতে ৩৩ জন এবং বরিশাল বিভাগে ১৮ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১১ সেপ্টেম্বর পর্যন্ত ডেঙ্গুতে মোট ১৪১ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে দুই সিটি করপোরেশনসহ ঢাকা বিভাগেই সবচেয়ে বেশি ৭২ জনের মৃত্যু হয়েছে।
এছাড়া খুলনা বিভাগে ২৫ জন, ময়মনসিংহে ১৪ জন, বরিশালে ১২ জন, চট্টগ্রামে ১০ জন, রাজশাহীতে ৬ জন এবং রংপুর ও সিলেট বিভাগে একজন করে ডেঙ্গু রোগীর মৃত্যু হয়েছে।
স্বাস্থ্য বিশেষজ্ঞরা ডেঙ্গু প্রতিরোধে মশার প্রজননস্থল ধ্বংস, বাসাবাড়ি ও আশপাশ পরিষ্কার রাখা এবং জ্বর দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়ার ওপর গুরুত্বারোপ করছেন।
বাপ্পি/সা.এ
মন্তব্য
0 টি মন্তব্য