জেলার খবর

চট্টগ্রামে বাস চাপায় বিশ্ববিদ্যালয়ের ২ ছাত্রী নিহত

প্রকাশিত :
মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২৬
/
২ বার সংবাদটি দেখেছে

চট্টগ্রামের সীতাকুণ্ডে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের (আইআইইউসি) প্রধান ফটকের সামনে বাসের ধাক্কায় দুই নারী শিক্ষার্থী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও একজন শিক্ষার্থী গুরুতর আহত হয়েছেন। 

মঙ্গলবার (৩ নভেম্বর) সকাল আনুমানিক ৯টা ২০ মিনিটে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে কুমিরাস্থ ডালাস পেট্রোল পাম্পের বিপরীত পাশে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

প্রাথমিকভাবে জানা গেছে, নিহতদের একজন মাইশা মুশফিরাত। তিনি বিশ্ববিদ্যালয়ের ইংরেজি ভাষা ও সাহিত্য (ইএলএল) বিভাগের দ্বিতীয় সেমিস্টারের শিক্ষার্থী ছিলেন। দুর্ঘটনার পর গুরুতর আহত অবস্থায় তাঁকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নেওয়া হলে সকাল ১১টার দিকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

আইআইইউসির শিক্ষক অধ্যাপক মোস্তফা মনির চৌধুরী দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রত্যক্ষদর্শীদের দেওয়া তথ্য অনুযায়ী, সকালে ক্যাম্পাসের সামনে ৮ নম্বরের একটি লোকাল বাস নিয়ন্ত্রণ হারিয়ে শিক্ষার্থীদের ধাক্কা দেয়। এতে তিন নারী শিক্ষার্থী আহত হন। পরে স্থানীয় লোকজন ও সহপাঠীরা তাঁদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।

বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী নুসরাত জাহান ইভা জানান, দুর্ঘটনায় কবলিত তিন শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ের একটি অনুষ্ঠানে স্বেচ্ছাসেবক হিসেবে দায়িত্ব পালনের জন্য সকালে ক্যাম্পাসে আসছিলেন। পথে ৮ নম্বর লোকাল বাসের ধাক্কায় তাঁরা দুর্ঘটনার শিকার হন।

তিনি আরও জানান, আহতদের মধ্যে একজনের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) নুরুল আলম আশেক জানান, সীতাকুণ্ডে সড়ক দুর্ঘটনায় আহত এক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীকে হাসপাতালে আনা হলে জরুরি বিভাগের চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া অনুসরণ করা হচ্ছে।

এদিকে শিক্ষার্থীর মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। এতে মহাসড়কে যান চলাচলে বিঘ্ন সৃষ্টি হয়।



সাজু/নিএ

মন্তব্য

0 টি মন্তব্য
👤
মন্তব্য লোড হচ্ছে...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *