জেলার খবর

বিকাশের দোকানিকে কুপিয়ে ২২ লাখ টাকা ছিনতাই, অভিযুক্ত ছাত্রদল নেতা

প্রকাশিত :
সোমবার, ২ নভেম্বর, ২০২৬
/
৪ বার সংবাদটি দেখেছে

রাতের আঁধারে বাড়ি ফেরার পথে কক্সবাজার সদর উপজেলার ঝিলংজা ইউনিয়নের মুন্সিপাড়া এলাকায় বিকাশের এক দোকানিকে কুপিয়ে ২২ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। রোববার (১ নভেম্বর) রাত সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে। আহত ব্যবসায়ীর নাম মোহাম্মদ সাঈদ। তিনি সদরের খরুলিয়া বাজারের ‘ছবিঘর’ নামের একটি প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী।

ভুক্তভোগীর স্বজনদের অভিযোগ, প্রতিদিনের মতো দোকান বন্ধ করে মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে মুন্সিপাড়া এলাকায় পৌঁছালে দুটি মোটরসাইকেলে আসা চার যুবক সাঈদের গতিরোধ করে। এরপর তাকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে সঙ্গে থাকা ২২ লাখ টাকা ছিনিয়ে নিয়ে পালিয়ে যায় হামলাকারীরা। সাঈদের চিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে তাকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করেন।

আহত সাঈদের খালাতো ভাই হাবিব জানান, হামলার সময় সাঈদ হামলাকারীদের মধ্যে ঝিলংজা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড ছাত্রদলের সভাপতি খোরশেদকে চিনতে পেরেছেন। সাঈদের ভাষ্যমতে, খোরশেদের নেতৃত্বেই এই ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। তবে অন্য তিনজনকে তিনি শনাক্ত করতে পারেননি।

এ বিষয়ে কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী জানান, বিষয়টি জানার পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে, এই ছিনতাই ও হামলার ঘটনায় জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন স্থানীয়রা।

মন্তব্য

0 টি মন্তব্য
👤
মন্তব্য লোড হচ্ছে...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *