জেলার খবর

আশুলিয়ায় ৩০ হাজার টাকা মজুরির দাবিতে শ্রমিকদের বিক্ষোভ, ১১ কারখানায় ছুটি

প্রকাশিত :
শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬
/
৫ বার সংবাদটি দেখেছে

শিল্পাঞ্চল সাভারের আশুলিয়ায় ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণ, ব্ল্যাকলিস্টিং বন্ধসহ বিভিন্ন দাবিতে বিক্ষোভ করেছেন কয়েকটি তৈরি পোশাক কারখানার শ্রমিকেরা। এ সময় পুলিশের সঙ্গে শ্রমিকদের দফায় দফায় ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেছে। শ্রমিক অসন্তোষের মুখে কাঠগড়া অঞ্চল ও আশপাশের এলাকায় নাঈম নিটওয়্যারসহ অন্তত ১১টি কারখানায় ছুটি ঘোষণা করা হয়েছে।

শনিবার (৩১ অক্টোবর) সকাল থেকে আশুলিয়ার কাঠগড়া, জিরাবো ও পুকুরপাড় এলাকায় শ্রমিকদের আন্দোলন ছড়িয়ে পড়ে। সকালে নাঈম নিটওয়্যারের শ্রমিকেরা প্রথমে কারখানার ভেতরে কর্মবিরতি পালন করেন। পরে তারা কারখানা থেকে বেরিয়ে বিক্ষোভ শুরু করেন। একপর্যায়ে আশপাশের কয়েকটি কারখানা লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করেন বিক্ষোভকারীরা। এতে শিল্পাঞ্চলে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়।

শনিবার বেলা ১১টার দিকে আশুলিয়া শিল্প পুলিশ-১-এর পুলিশ সুপার মোহাম্মদ মোমিনুল ইসলাম ভূঁইয়া জানান, বিক্ষোভরত শ্রমিকদের ছোড়া ইটপাটকেলের আঘাতে পুলিশের এক সদস্য আহত হয়েছেন। তাকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

এদিকে বিক্ষোভ চলাকালে কয়েকটি কারখানায় ভাঙচুরের ঘটনাও ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। প্রায় আড়াই ঘণ্টা ধরে চলা উত্তেজনা ও ধাওয়া-পাল্টাধাওয়ার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

কাঠগড়া আমতলা এলাকার একটি তৈরি পোশাক কারখানার এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানান, তাদের কারখানাসহ আশপাশের দুই-তিনটি ছাড়া অধিকাংশ কারখানায় ছুটি ঘোষণা করা হয়েছে। তারাও পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন। পরিস্থিতি বিবেচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

শিল্প পুলিশ জানিয়েছে, বর্তমানে আশুলিয়ার শিল্পাঞ্চলের পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।



স্বাধীন/সা.এ.

মন্তব্য

0 টি মন্তব্য
👤
মন্তব্য লোড হচ্ছে...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *