জেলার খবর

প্রেমে ‘ছ্যাকা খেয়ে’ ইয়াবা কারখানা, গড়ে তুলেছেন গোপন ল্যাব

প্রকাশিত :
শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬
/
৭ বার সংবাদটি দেখেছে

গাজীপুরের টঙ্গীতে একটি আবাসিক বাড়িতে ইয়াবা তৈরির কারখানার সন্ধান পেয়েছে পুলিশ। এ সময় ইয়াবা তৈরির বিভিন্ন সরঞ্জাম ও রাসায়নিক উপাদান উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় নাজমুল ইসলাম বাপ্পি (৩২) নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে।

শুক্রবার (৩০ অক্টোবর) দিবাগত রাত দেড়টার দিকে টঙ্গীর পাগার (আলেকটেক) এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। বাপ্পি ওই এলাকার বাসিন্দা।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে কয়েক দিন ধরে নাজমুলের বাড়ির ওপর নজরদারি করা হচ্ছিল। পরে শুক্রবার রাতে ওই বাড়িতে অভিযান চালিয়ে ইয়াবা তৈরির কারখানার সন্ধান পাওয়া যায়।

টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাকছুদুল আলম জানান, বাড়িটির চতুর্থ তলায় ইয়াবা তৈরির কারখানা গড়ে তুলেছিলেন বাপ্পি। সেখানে ইয়াবা তৈরির বিভিন্ন সরঞ্জাম ও রাসায়নিক উপাদান মজুত ছিল। অভিযান চালিয়ে এসব সরঞ্জাম ও উপাদান জব্দ করা হয়েছে।

ওসি আরও জানান, বাড়ির চতুর্থ তলায় একটি ল্যাব ও গোপন কক্ষ তৈরি করা হয়েছিল। কক্ষটি বাড়ির ভেতরের দিকে এমনভাবে নির্মাণ করা হয়, যাতে সহজে সেখানে প্রবেশ করা না যায়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে বাপ্পি ইয়াবা তৈরির উদ্দেশ্যে রাসায়নিক উপাদান সংগ্রহের কথা স্বীকার করেছেন।

পুলিশের কাছে বাপ্পি দাবি করেছেন, কয়েক বছর আগে প্রবাস থেকে দেশে ফেরেন তিনি। এরপর এক তরুণীর সঙ্গে প্রেমের সম্পর্কে জড়ান। সেই সম্পর্কে আঘাত পাওয়ার পর মাদকাসক্ত হয়ে পড়েন। পরে ইয়াবা তৈরির কারখানা গড়ে তোলার পরিকল্পনা করেন।

তাঁর দাবি, ইন্টারনেট, ফেসবুক ও ইউটিউব থেকে তথ্য সংগ্রহ করে নিজেই ইয়াবা তৈরির কারখানা গড়ে তোলেন।

এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।



সাজু/নিএ

মন্তব্য

0 টি মন্তব্য
👤
মন্তব্য লোড হচ্ছে...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *