
৪৯ বছরে যুবদল, বরিশালসহ দেশজুড়ে নানা কর্মসূচি
দক্ষিণ টিভি | ন্যাশনাল ডেস্ক : বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দুই দিনব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে সংগঠনটি। ঘোষিত কর্মসূচির মধ্যে রয়েছে পুষ্পার্ঘ্য অর্পণ, দোয়া, রক্তদান, ফ্রি মেডিকেল ক্যাম্প, আলোচনা সভা, র্যালি ও বিভিন্ন সামাজিক কার্যক্রম।
কেন্দ্রীয় নির্বাহী কমিটির কার্যালয় থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২৭ অক্টোবর বেলা ১১টায় রাজধানীর আগারগাঁওয়ের জিয়া উদ্যানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে পুষ্পার্ঘ্য অর্পণ এবং দোয়া-মোনাজাত করা হবে।
এ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর। এতে যুবদলের কেন্দ্রীয় কমিটি এবং ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ যুবদলের নেতাকর্মীরা অংশ নেবেন।
একই দিন বেলা ১২টায় নয়াপল্টনে যুবদলের কেন্দ্রীয় কার্যালয়ের নিচতলায় রক্তদান কর্মসূচি ও বিনা মূল্যে চিকিৎসাসেবার ক্যাম্প শুরু হবে।
এ ছাড়া বরিশালসহ দেশব্যাপী জেলা ও মহানগর পর্যায়ে আলোচনা সভা, র্যালি, সমাবেশ, স্বেচ্ছায় রক্তদান, ফ্রি মেডিকেল ক্যাম্প, বৃক্ষরোপণ, পরিচ্ছন্নতা অভিযান, মাছের পোনা অবমুক্তকরণ এবং দুস্থদের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণসহ বিভিন্ন সামাজিক কর্মসূচি পালন করা হবে।
কর্মসূচির দ্বিতীয় দিন ২৮ অক্টোবর উপজেলা, থানা, পৌরসভা ও অধস্তন ইউনিটগুলো নিজেদের সুবিধাজনক সময়ে আলোচনা সভা, র্যালি, সমাবেশ এবং বিভিন্ন সামাজিক দায়বদ্ধতামূলক কার্যক্রম আয়োজন করবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
মন্তব্য
0 টি মন্তব্য