
বরিশালে বিশ্ব ডিম দিবস পালিত, পুষ্টিগুণ তুলে ধরলেন ভেটেরিনারি চিকিৎসকরা
দেশের বানী | স্টাফ করেসপন্ডেন্ট : ডিমের পুষ্টিগুণ সম্পর্কে জনসচেতনতা বাড়ানো এবং মানুষের দৈনন্দিন খাদ্যতালিকায় ডিমের গুরুত্ব তুলে ধরতে বরিশালে বিশ্ব ডিম দিবস পালিত হয়েছে।
শুক্রবার (৯ অক্টোবর) সকালে নগরীর সিঅ্যান্ডবি রোডে প্রাইভেট ভেটেনারি অ্যাসোসিয়েশন (পিভিএ), বরিশালের অস্থায়ী কার্যালয়ে এ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পরে একটি র্যালি বের করা হয়।
এ বছর বিশ্ব ডিম দিবসের প্রতিপাদ্য ছিল ‘প্রোটিন দ্যাট পাওয়ার্স অ্যান্ড প্রোটেক্টস’, যার বাংলা অর্থ ‘পুষ্টি যা শক্তি জোগায়, সুরক্ষা দেয়’।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন প্রাইভেট ভেটেনারি অ্যাসোসিয়েশন, বরিশালের সভাপতি ডা. মো. আরিফুল ইসলাম। বক্তব্য দেন সাধারণ সম্পাদক ডা. সৈয়দ ইমরান ও সহ সভাপতি ডা. মো. আলিফুজ্জামান।
বক্তারা বলেন, ডিম পুষ্টিকর ও সহজলভ্য একটি খাদ্য। শরীরের প্রয়োজনীয় প্রোটিনসহ বিভিন্ন পুষ্টি উপাদানের চাহিদা পূরণে ডিম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাই ডিমের পুষ্টিগুণ সম্পর্কে মানুষের মধ্যে সচেতনতা বাড়ানো প্রয়োজন।এছাড়া অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স নিয়ে প্রাণী চিকিৎসকরা গুরুত্বপূর্ন আলোচনা করেন।
সভায় ডিম উৎপাদনে খামারিদের লাভের বিষয়টিও আলোচনায় আসে। খামারিরা ডিম উৎপাদন করেও প্রত্যাশা অনুযায়ী লাভ করতে পারছেন না বলে উল্লেখ করা হয়। ডিম উৎপাদন খরচ ও বিক্রয়মূল্যের মধ্যে সামঞ্জস্য নিশ্চিত করা এবং খামারিদের ন্যায্য লাভের সুযোগ তৈরির ওপর গুরুত্ব দেওয়া হয়।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ডা. মো. আবদুর রাকিব মোড়ল, ডা. মো. ওসমান আলী, ডা.আশীষ দাস. ডাঃ মো. তানজিল আহমেদ, ডা. মো. জুনায়তুল ইসলাম, ডা. মো. আমানুল ইসলাম, ডা. আশীষ দাস, ইন্টার্ন চিকিৎসক ডা. ফাহমীদ ও খামারি মো. সিয়ামসহ অন্যরা।
আলোচনা সভা শেষে বিশ্ব ডিম দিবস উপলক্ষে সচেতনতামূলক র্যালি বের করা হয়।
মন্তব্য
0 টি মন্তব্য