বরিশাল জেলা

বরিশালে স্বামীর জীবন বাঁচাতে কিডনি দিচ্ছেন স্ত্রী! 

প্রকাশিত :
রোববার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬
/
৪৯ বার সংবাদটি দেখেছে

 

স্বামীর জীবন বাঁচাতে নিজের একটি কিডনি দান করার সিদ্ধান্ত নিয়েছেন স্ত্রী। ভালোবাসা ও আত্মত্যাগের এমন অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন বরিশালের গৌরনদীর শিক্ষক দম্পতি সুদাম পাল ও মন্দিরা রানী পাল।

কিডনি রোগে আক্রান্ত স্বামী সুদাম পাল গৌরনদী উপজেলা সহকারী শিক্ষক সমাজের সাধারণ সম্পাদক। তার স্ত্রী মন্দিরা রানী পাল কটকস্থল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধানশিক্ষক। স্বামীর চিকিৎসার জন্য প্রয়োজনীয় সব আইনি প্রক্রিয়া সম্পন্ন করে ২৭ সেপ্টেম্বর সকালে ভারতের দিল্লির উদ্দেশ্যে রওনা হয়েছেন তারা।

২০১৯ সাল থেকে কিডনি রোগে ভুগছেন সুদাম পাল। বাংলাদেশসহ ভারতের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নেওয়ার পর দিল্লির ম্যাক্স সুপার স্পেশালিটি হাসপাতালের চিকিৎসকেরা কিডনি প্রতিস্থাপনের পরামর্শ দেন। দীর্ঘদিন ডোনার খোঁজার পর কোথাও না পেয়ে স্বামীর জীবন বাঁচাতে নিজের একটি কিডনি দেওয়ার সিদ্ধান্ত নেন মন্দিরা রানী পাল।

এই খবর ছড়িয়ে পড়লে সামাজিক যোগাযোগমাধ্যমে শিক্ষক দম্পতিকে ঘিরে আবেগঘন প্রতিক্রিয়া দেখা দেয়। অনেকেই মন্দিরা রানী পালের আত্মত্যাগের প্রশংসা করে তাদের চিকিৎসা সফলতা ও সুস্থতার জন্য প্রার্থনা করছেন।

শিক্ষক দম্পতির দুই সন্তান—ছেলে হৃদম পাল অনার্স প্রথম বর্ষে এবং মেয়ে রাই পাল অষ্টম শ্রেণিতে পড়ছে। দিল্লিতে চিকিৎসকদের সঙ্গে আগামী ২৯ সেপ্টেম্বর পরবর্তী কার্যক্রম শুরু হওয়ার কথা রয়েছে। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী পরবর্তীতে কিডনি প্রতিস্থাপন করা হবে।

দেশ ছাড়ার আগে সুদাম পাল ও মন্দিরা রানী পাল তাদের চিকিৎসা সফলভাবে সম্পন্ন ও সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া ও প্রার্থনা চেয়েছেন।




আরও দেখান

মন্তব্য

0 টি মন্তব্য
👤
মন্তব্য লোড হচ্ছে...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *