
বরিশালে সড়ক দুর্ঘটনায় নারী নিহত
দেশের বানী | স্টাফ করেসপন্ডেন্ট : বরিশালের বাবুগঞ্জ উপজেলায় বাসচাপায় রেহানা বেগম (৪৫) নামে এক পথচারী নারী নিহত হয়েছেন। তিনি চরমোনাই পীর ও ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করিমের ফুফাতো বোন বলে জানিয়েছে দলটির মিডিয়া কমিটি।
মঙ্গলবার সকাল পৌনে ১০টার দিকে বরিশাল-ঢাকা মহাসড়কের বাবুগঞ্জ উপজেলার শিকারপুর সেতুর ঢালে এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন বাবুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান হাওলাদার।
নিহত রেহানা বেগম বাবুগঞ্জ উপজেলার রাকুদিয়া দাখিল মাদ্রাসার সুপার মাওলানা নাসিরউদ্দিনের স্ত্রী। ইসলামী আন্দোলন বাংলাদেশের মিডিয়া কমিটির আহ্বায়ক নাসিরউদ্দিন নাইস জানান, রেহানা বেগম চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করিমের ফুফাতো বোন।
দুর্ঘটনার পর নিরাপদ সড়ক নিশ্চিত করা এবং ঘটনার জন্য দায়ী চালকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবিতে ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন মাদ্রাসার শিক্ষার্থীরা।
ওসি মিজানুর রহমান হাওলাদার জানান, দুর্ঘটনার পর বাসটি জব্দ করা হয়েছে। জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেওয়ার পর প্রায় এক ঘণ্টা পর আন্দোলনকারীরা সড়ক অবরোধ প্রত্যাহার করে নেন।
এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানিয়েছেন পুলিশের এই কর্মকর্তা।
মন্তব্য
0 টি মন্তব্য