
কীর্তনখোলা নদীতে ফুটবল তুলতে নেমে স্রোতে নিখোঁজ কিশোর!
দক্ষিণ টিভি | স্টাফ করেসপন্ডেন্ট : বরিশাল নগরীসংলগ্ন কীর্তনখোলা নদীতে ফুটবল তুলতে নেমে স্রোতের টানে নিখোঁজ হয়েছে মো. জুনায়েদ (১৩) নামে এক কিশোর। বৃহস্পতিবার (৫ নভেম্বর) দুপুরে নগরের খেয়াঘাট এলাকায় এ ঘটনা ঘটে। নিখোঁজ জুনায়েদ নগরের ৫ নম্বর ওয়ার্ডের পলাশপুর এলাকার ৭ নম্বর গলির বাসিন্দা মো. জাকিরের ছেলে।
প্রত্যক্ষদর্শী কিশোর মো. সাইফুলের ভাষ্য অনুযায়ী, ঘটনার সময় জুনায়েদের বড় ভাই জুবায়ের নদীর তীরে সাইকেল পরিষ্কার করছিলেন। অন্যদিকে জুনায়েদ নদীর পাড়ে ফুটবল খেলছিল। খেলার একপর্যায়ে বলটি নদীতে পড়ে যায়। বল উদ্ধারের জন্য জুনায়েদ পানিতে নামলে প্রবল স্রোতের টানে ভেসে যেতে শুরু করে।
এ সময় ছোট ভাইকে বাঁচাতে নদীতে ঝাঁপিয়ে পড়েন বড় ভাই জুবায়ের। তিনি জুনায়েদের হাত ধরতে সক্ষম হলেও নদীর প্রবল স্রোতের কারণে তাকে তীরে ফিরিয়ে আনতে পারেননি। একপর্যায়ে জুবায়েরের হাত থেকে ছুটে স্রোতের টানে ভেসে যায় জুনায়েদ। এরপর থেকেই তার কোনো সন্ধান পাওয়া যায়নি।
কাউনিয়া থানার উপপরিদর্শক (এসআই) বশির উদ্দিন জানান, ঘটনার সময় জুনায়েদ, তার বড় ভাই জুবায়ের ও প্রত্যক্ষদর্শী সাইফুল—কেউই সাঁতার জানত না। এ কারণে স্রোতে ভেসে যাওয়া কিশোরকে উদ্ধার করা সম্ভব হয়নি।
তিনি আরও জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দল নদীতে তল্লাশি শুরু করেছে। পাশাপাশি ঘটনাস্থলে নৌ-পুলিশ ও থানা-পুলিশের সদস্যরা উপস্থিত রয়েছেন। নিখোঁজ কিশোরের সন্ধানে উদ্ধার অভিযান চলছে।
এদিকে কীর্তনখোলা নদীর খেয়াঘাট এলাকায় এ ঘটনায় উদ্বেগ ও উৎকণ্ঠা ছড়িয়ে পড়েছে। জুনায়েদের সন্ধানের অপেক্ষায় রয়েছেন স্বজন ও স্থানীয়রা।
মন্তব্য
0 টি মন্তব্য