জাতীয়

ওয়াই আকৃতির দ্বিতীয় পদ্মা সেতু নির্মাণের নির্দেশনা প্রধানমন্ত্রীর

প্রকাশিত :
মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২৬
/
১ বার সংবাদটি দেখেছে

ওয়াই আকৃতির দ্বিতীয় পদ্মা সেতু, দ্বিতীয় যমুনা সেতু এবং পদ্মা ব্যারেজ নির্মাণের পরিকল্পনা দ্রুত এগিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (৩ নভেম্বর) সচিবালয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগের কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে তিনি এ নির্দেশনা দেন।

বৈঠকে জানানো হয়, দ্বিতীয় পদ্মা সেতু ও দ্বিতীয় যমুনা সেতু নির্মাণের লক্ষ্যে বর্তমানে সম্ভাব্যতা সমীক্ষা চলছে। আগামী বছরের সেপ্টেম্বরের মধ্যে এ সমীক্ষা শেষ হওয়ার কথা রয়েছে। সমীক্ষার প্রতিবেদন পাওয়ার পর সেতু দুটির চূড়ান্ত অবস্থান, নকশা ও সম্ভাব্য ব্যয় নির্ধারণ করা হবে।

বৈঠকে দ্বিতীয় পদ্মা সেতুর যোগাযোগ ব্যবস্থা আরও সহজ ও কার্যকর করতে ওয়াই আকৃতির সংযোগ সড়ক নির্মাণের বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

অন্যদিকে, দ্বিতীয় যমুনা সেতু নির্মিত হলে রংপুরসহ উত্তরাঞ্চলের যোগাযোগ ব্যবস্থায় বড় ধরনের পরিবর্তন আসবে বলে আশা করা হচ্ছে। এ বিষয়টিও বৈঠকে বিশেষ গুরুত্ব পায়।

এ ছাড়া দেশের পানি ব্যবস্থাপনা ও সুরক্ষায় পদ্মা ব্যারেজ নির্মাণের বিষয়েও আলোচনা হয়। বিশেষ করে শুষ্ক মৌসুমে পানির সংকট নিরসন, কৃষি উৎপাদন বৃদ্ধি, নদীর স্বাভাবিক প্রবাহ বজায় রাখা, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং ব্যারেজের ওপর দিয়ে নতুন সড়ক যোগাযোগ গড়ে তোলার সম্ভাবনা পর্যালোচনা করা হয়।

বৈঠকে তিনটি মেগা প্রকল্প বাস্তবায়নে প্রয়োজনীয় অর্থায়ন, জমি অধিগ্রহণ, ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও সংস্থাগুলোর মধ্যে সমন্বয় বাড়ানোর ওপর গুরুত্বারোপ করা হয়। প্রকল্পগুলোর পরিকল্পনা ও বাস্তবায়ন প্রক্রিয়া দ্রুত এগিয়ে নিতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেন প্রধানমন্ত্রী।



কুশল/সাএ

মন্তব্য

0 টি মন্তব্য
👤
মন্তব্য লোড হচ্ছে...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *