বিনোদন

মাত্র ৩৩ বছর বয়সেই না ফেরার দেশে জনপ্রিয় অভিনেতা

প্রকাশিত :
সোমবার, ২ নভেম্বর, ২০২৬
/
৩ বার সংবাদটি দেখেছে

মাত্র ৩৩ বছর বয়সেই না ফেরার দেশে পাড়ি জমালেন ভারতের টেলিভিশন অভিনেতা অনুজ ঠাকুর। ঘুমের মধ্যে খিঁচুনি হওয়ার পর তার মৃত্যু হয়েছে বলে জানিয়েছে পরিবার। গত ২৭ অক্টোবর শেষনিশ্বাস ত্যাগ করেন এই অভিনেতা।

‘ধুম মাচাও ধুম’, ‘বন্ধন সাথ জনমোন কা’ ও ‘মহিসাগর’-এর মতো জনপ্রিয় টেলিভিশন ধারাবাহিকে অভিনয়ের মাধ্যমে দর্শকদের কাছে পরিচিতি পেয়েছিলেন অনুজ।

তার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন বন্ধু ও সহকর্মী রূপেশ সোনার। গত ৩০ অক্টোবর নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে এক শোকবার্তার মাধ্যমে বন্ধুর মৃত্যুর খবর জানান তিনি।

ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়াকে রূপেশ জানান, মৃত্যুর মাত্র ১০ দিন আগেও অনুজের সঙ্গে দেখা হয়েছিল তার। বন্ধুর এমন আকস্মিক মৃত্যুতে ভেঙে পড়েন তিনি। পরে অনুজের মা ও ভাইয়ের সঙ্গে দেখা করে মৃত্যুর কারণ সম্পর্কে জানতে পারেন। পরিবারের সদস্যরা তাকে জানান, ঘুমের মধ্যে খিঁচুনি হওয়ার পরই অনুজের মৃত্যু হয়।

রূপেশ আরও জানান, অনুজের প্রতিদিন ভোর সাড়ে ৪টায় ঘুম থেকে ওঠার অভ্যাস ছিল। নিয়মিত শরীরচর্চা ও জগিং করতেন তিনি। ঘটনার দিনও নির্ধারিত সময়ে অ্যালার্ম বেজেছিল। তবে অ্যালার্ম বাজার পরও ঘুম থেকে ওঠেননি অনুজ। পরে তার মা ঘরে গিয়ে তাকে মৃত অবস্থায় দেখতে পান।

২০০৮ সালে ‘বন্ধন সাথ জনমোন কা’ ধারাবাহিকে কাজ করার সুবাদে অনুজ ও রূপেশের পরিচয় হয়। সেখান থেকেই শুরু তাদের বন্ধুত্ব। দীর্ঘ ১৭ বছরের এই সম্পর্কে একসঙ্গে বেশ কয়েকটি টেলিভিশন ধারাবাহিকেও অভিনয় করেছেন তারা।

অনুজের এমন আকস্মিক মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে তার বন্ধু, সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে। সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই এই তরুণ অভিনেতার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া



কুশল/সাএ

মন্তব্য

0 টি মন্তব্য
👤
মন্তব্য লোড হচ্ছে...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *