
গৌরীপুরে ১০৩ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেফতার
ময়মনসিংহের গৌরীপুরে অভিযান চালিয়ে ১০৩ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ দুই ব্যক্তিকে গ্রেফতার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-১৪)। রবিবার (১ নভেম্বর/২৬) দুপুরে উপজেলার মইলাকান্দা ইউনিয়নের পশ্চিম মইলাকান্দা গ্রামের বণিক বাড়িতে এ অভিযান চালানো হয়।গ্রেপ্তার ব্যক্তিরা হলেন পশ্চিম মইলাকান্দা গ্রামের বণিক বাড়ির দুলাল চন্দ্র বণিক (৫৫) ও একই গ্রামের মো. হাতিম মিয়া (৪২)।
এসআরবি-১৪ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে সিপিএসসি, এসআরবি-১৪-এর একটি দল দুলাল চন্দ্র বণিকের বসতঘরে অভিযান চালায়। এ সময় তল্লাশি করে ছয়টি প্লাস্টিকের বস্তায় রাখা ১০৩ কেজি ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। এ ছাড়া মাদক কারবারে ব্যবহৃত দুটি মুঠোফোন জব্দ করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তিরা পরস্পরের যোগসাজশে বিক্রির উদ্দেশ্যে গাঁজাগুলো নিজেদের হেফাজতে রেখেছিলেন বলে জানা গেছে।
অভিযান শেষে উদ্ধার করা গাঁজা ও জব্দ করা মুঠোফোনসহ গ্রেপ্তার দুজনকে গৌরীপুর থানায় হস্তান্তর করা হয়। তাঁদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।গৌরীপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) হাবিবুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, এসআরবি-১৪-এর আভিযানিক দল রোববার দুই ব্যক্তিকে থানায় হস্তান্তর করেছে। তাদের বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়েরপূর্বক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
সাজু/নিএ
মন্তব্য
0 টি মন্তব্য