ক্যাম্পাস

কাজের গঠনমূলক সমালোচনাতেই প্রতিষ্ঠানের অগ্রগতি সম্ভব: জাবি উপাচার্য

প্রকাশিত :
শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬
/
২ বার সংবাদটি দেখেছে

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) রেজিস্ট্রার অফিসের অবসরপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

শনিবার (৩১ অক্টোবর) বেলা বারোটায় বিশ্ববিদ্যালয়ের জান্নাতুল ফেরদৌস সিনেট হলে উক্ত বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো: নূরুল ইসলাম এবং সভাপতিত্ব করেন রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) ড. এ বি এম আজিজুর রহমান।

প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. মো: নূরুল ইসলাম বলেন, “ব্যক্তির চরিত্রের পরিবর্তে তাঁর কাজের গঠনমূলক সমালোচনার মধ্য দিয়েই প্রতিষ্ঠানের স্বার্থে সঠিক সিদ্ধান্ত গ্রহণ ও কাঙ্ক্ষিত অগ্রগতি অর্জন সম্ভব। একটি প্রতিষ্ঠানের মূল ভিত্তি হওয়া দরকার দায়িত্ববোধ ও গঠনমূলক দৃষ্টিভঙ্গি।”

উপাচার্য আশাবাদ ব্যাক্ত করে বলেন, “প্রাক্তন ও বর্তমান কর্মকর্তা-কর্মচারীদের অভিজ্ঞতা, মতামত ও পরামর্শকে কাজে লাগিয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়কে আরও এগিয়ে নিতে চাই।”

অধ্যাপক ড. মো: নূরুল ইসলাম আরও বলেন, “২০তম গ্রেডের প্রান্তিক সহায়ক কর্মী থেকে শুরু করে উপাচার্য পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকেই একটি অবিচ্ছেদ্য অংশ। সেই কারণে কোনো একটি পর্যায়ে দায়িত্ব পালনে বিচ্যুতি ঘটলে তার প্রভাব পুরো প্রতিষ্ঠানের ওপর পড়ে। তাই বিশ্ববিদ্যালয়ের সামগ্রিক উন্নয়ন ও অগ্রযাত্রা নিশ্চিত করতে প্রত্যেককে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।”

অনুষ্ঠানে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত রেজিস্ট্রারগণ তাঁদের বক্তব্যে সংবর্ধনা অনুষ্ঠান আয়োজনের জন্য কৃতজ্ঞতা জ্ঞাপন করেন এবং তাঁদের অভিজ্ঞতা তুলে ধরেন। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা-কর্মচারীগণ উপস্থিত ছিলেন।



স্বাধীন/সা.এ.

মন্তব্য

0 টি মন্তব্য
👤
মন্তব্য লোড হচ্ছে...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *