জাতীয়

বকেয়াসহ নতুন পে-স্কেলে বেতন রোববার, অনেকে পাচ্ছেন না বর্ধিত অর্থ

প্রকাশিত :
শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬
/
৭ বার সংবাদটি দেখেছে

নতুন বেতনকাঠামো অনুযায়ী আগামীকাল রোববার (১ নভেম্বর) থেকে সরকারি চাকরিজীবীদের বর্ধিত বেতন দেওয়ার প্রস্তুতি নিয়েছে সরকার। নতুন কাঠামোতে তিন মাসের বকেয়াসহ বেতন পাওয়ার কথা থাকলেও নির্ধারিত সময়ে তা পাচ্ছেন না অনেক কর্মকর্তা-কর্মচারী। বেতন নির্ধারণের প্রক্রিয়া শেষ না হওয়ায় আপাতত আগের কাঠামো অনুযায়ীই তাঁদের বেতন দেওয়া হবে। পরবর্তী সময়ে নতুন কাঠামো অনুসারে বর্ধিত বেতন ও বকেয়া অর্থ সমন্বয় করে পরিশোধ করা হবে।

অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ সূত্রে জানা গেছে, নতুন পে-স্কেল বাস্তবায়নে বেশ কিছু প্রশাসনিক ও কারিগরি জটিলতা এখনো রয়ে গেছে। দেশে প্রায় ১৪ লাখ সরকারি কর্মচারী, ৮ লাখ পেনশনভোগী এবং ৬ লাখ এমপিওভুক্ত শিক্ষক রয়েছেন। তাঁদের মধ্যে উল্লেখযোগ্যসংখ্যক কর্মকর্তা-কর্মচারী এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠান এখনো নতুন বেতনকাঠামো অনুযায়ী বেতন নির্ধারণের কাজ সম্পন্ন করতে পারেনি। ফলে একসঙ্গে সবার বর্ধিত বেতন দেওয়া সম্ভব হচ্ছে না।

বেতন নির্ধারণের ক্ষেত্রে বিভিন্ন গ্রেডের ক্রম, উচ্চতর গ্রেড পাওয়ার নিয়ম, বাড়িভাড়া ভাতা এবং পদোন্নতির পর আর্থিক সুবিধা হিসাব করা নিয়ে নানা অসংগতি দেখা দিয়েছে। এসব জটিলতার কারণে কোন কর্মকর্তা-কর্মচারীর বেতন কত হবে, তা চূড়ান্ত করতে বিলম্ব হচ্ছে। পাশাপাশি সরকারের সমন্বিত আর্থিক ব্যবস্থাপনা পদ্ধতি আইবাস++-এর কারিগরি সমস্যাও বেতন নির্ধারণ ও পরিশোধের প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করছে।

এ অবস্থায় নতুন বেতনকাঠামো বাস্তবায়নে সৃষ্ট জটিলতা নিরসনে অর্থসচিব মো. খায়েরুজ্জামান মজুমদারের কাছে আবেদন জানিয়েছেন বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা। সংশ্লিষ্ট দপ্তরগুলো থেকে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার অনুরোধ জানানো হলেও এখন পর্যন্ত উল্লেখযোগ্য অগ্রগতি হয়নি। একাধিক মন্ত্রণালয় ও বিভাগের সমস্যা ১ নভেম্বরের আগে সমাধান করা সম্ভব হচ্ছে না বলে জানা গেছে।

অর্থ বিভাগের এক দায়িত্বশীল কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানান, নতুন বেতনকাঠামোর প্রজ্ঞাপন তৈরি ও বাস্তবায়নের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের পর্যাপ্ত অভিজ্ঞতা ও জানাশোনার অভাব থেকে এসব জটিলতার সৃষ্টি হয়েছে। নতুন কাঠামো কার্যকর করতে গিয়ে বিভিন্ন পর্যায়ে যেসব অসংগতি সামনে এসেছে, সেগুলো সমাধানের উদ্যোগ নেওয়া হয়েছে। এ বিষয়ে অভিজ্ঞ ব্যক্তিদের পরামর্শও নেওয়া হচ্ছে।

সব মিলিয়ে নতুন বেতনকাঠামো কার্যকরের প্রস্তুতি থাকলেও প্রশাসনিক ও কারিগরি জটিলতায় নির্ধারিত সময়ে বর্ধিত বেতন পাওয়া নিয়ে অনিশ্চয়তায় রয়েছেন অনেক সরকারি কর্মকর্তা-কর্মচারী।



কুশল/সাএ

মন্তব্য

0 টি মন্তব্য
👤
মন্তব্য লোড হচ্ছে...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *