রাজনীতি

অযৌক্তিক কারণে বিরোধীদলের লংমার্চ: রিজভী

প্রকাশিত :
শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬
/
৯ বার সংবাদটি দেখেছে

অযৌক্তিক কারণে বিরোধীদল লংমার্চ কর্মসূচি পালন করছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, সরকারের ইতিবাচক কর্মকাণ্ড নিয়ে জনগণকে বিভ্রান্ত করতেই এ কর্মসূচি দেওয়া হচ্ছে।

শনিবার (৩১ অক্টোবর) রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ (কেআইবি) মিলনায়তনে রাজশাহী বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের দিনব্যাপী সাধারণ সভা ও গেট টুগেদার অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

জ্বালানি সংকট প্রসঙ্গে রুহুল কবির রিজভী বলেন, বিএনপি জ্বালানি সংকট তৈরি করেনি। আন্তর্জাতিক যুদ্ধ পরিস্থিতির কারণে এ সংকট সৃষ্টি হয়েছে। সরকার পরিস্থিতি মোকাবিলায় কাজ করছে এবং বিকল্প খুঁজছে। এ অবস্থায় লংমার্চের মতো কর্মসূচি দেওয়ার কোনো প্রয়োজন নেই।

তিনি আরও বলেন, সরকারের ইতিবাচক কর্মসূচির কারণে বিরোধীদলের মধ্যে রাজনৈতিক শূন্যতা তৈরি হয়েছে। সেই শূন্যতা থেকেই তারা লংমার্চের মতো কর্মসূচি দিচ্ছে, যার কোনো যৌক্তিকতা নেই।

এ সময় পরিকল্পিতভাবে টার্গেট করে জনপ্রিয় মন্ত্রীদের বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে বলেও অভিযোগ করেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব।

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার ঐতিহ্য ও সম্ভাবনা তুলে ধরে রিজভী বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় যদি প্রাচ্যের অক্সফোর্ড হয়, তাহলে রাজশাহী বিশ্ববিদ্যালয়কে ক্যামব্রিজ হিসেবে আখ্যায়িত করা যায়। গোটা রাজশাহীকে ক্যামব্রিজ নগরী হিসেবে গড়ে তোলার প্রচেষ্টা চালানোর আহ্বান জানান তিনি। একই সঙ্গে রাজশাহী শহরকে একটি পূর্ণাঙ্গ শিক্ষা নগরী হিসেবে গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন।



স্বাধীন/সা.এ.

মন্তব্য

0 টি মন্তব্য
👤
মন্তব্য লোড হচ্ছে...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *