জাতীয়

মধ্যরাতে দীপকে নৌ-পুলিশের কাছে হস্তান্তর, হবে মামলা

প্রকাশিত :
শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬
/
৮ বার সংবাদটি দেখেছে

বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট তাহসিফ সৌরির বন্ধু শাহরিয়ার রেজা দীপকে নৌ পুলিশের কাছে হস্তান্তর করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। শনিবার মধ্যরাতে তাকে হস্তান্তর করা হয়। এ ঘটনায় অপমৃত্যুর মামলা করবে নৌ পুলিশ। পিবিআই সূত্রে এসব তথ্য জানা গেছে।

এর আগে গত বৃহস্পতিবার রাতে রাজধানীর মোহাম্মদপুরের বাবর রোডের বি ব্লকের একটি বাসার তৃতীয় তলা থেকে দীপকে হেফাজতে নেয় পিবিআই। তিনি ওই এলাকার বাসিন্দা সেলিম রেজার ছেলে। নিখোঁজ হওয়ার আগে তাহসিফের সঙ্গে প্রায় ছয় ঘণ্টা সময় কাটিয়েছিলেন দীপ।

গতকাল শুক্রবার দীপকে নিয়ে টঙ্গীর মাজার বস্তি এলাকায় যায় পিবিআইয়ের তদন্ত দল। সেখানে তুরাগ নদসংলগ্ন ২৯ নম্বর সীমানা পিলার এলাকার মাঠে কী ঘটেছিল, তা জানতে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। তার দেওয়া তথ্যের ভিত্তিতে ওই এলাকা থেকে কালো রঙের একটি সুজুকি জিক্সার ১৫০ মোটরসাইকেল উদ্ধার করা হয়। মোটরসাইকেলটির নম্বরপ্লেট ছিল না।

পিবিআইয়ের জিজ্ঞাসাবাদে দীপ দাবি করেন, ঘটনার রাতে তিনি ও তাহসিফ তুরাগ নদসংলগ্ন মাজার বস্তি এলাকায় গিয়েছিলেন। সেখানে কথা বলার সময় কয়েকজন তাদের ধাওয়া করেন। ধাওয়াকারীদের মধ্যে দুজনের পরনে পুলিশের পোশাক ছিল বলে দাবি করেন তিনি।

দীপের ভাষ্য অনুযায়ী, ওই দুজনকে দেখে তাহসিফ দৌড় দেন। একপর্যায়ে তিনি নদীতে ঝাঁপ দেন। আর দীপ বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) ২৯ নম্বর সীমানা পিলারের আড়ালে লুকিয়ে পড়েন। পরে সেখান থেকে চলে যান তিনি।

তবে দীপের দেওয়া সব তথ্য বিশ্বাস করছে না পিবিআই। তার বক্তব্যের প্রতিটি তথ্য ও ঘটনার বিবরণ যাচাই করা হচ্ছে বলে জানিয়েছেন সংস্থাটির কর্মকর্তারা।

পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) অতিরিক্ত ডিআইজি এনায়েত হোসেন মান্নান বলেন, ‘দীপ নানা তথ্য দিয়েছে। সেই তথ্যগুলো সব আমরা বিশ্বাসও করছি না। প্রতিটি তথ্য ও বিষয় আমরা যাচাই করে দেখছি।’

তাদের কেউ ধাওয়া দিয়েছিল কি না, এমন প্রশ্নের জবাবে এনায়েত হোসেন মান্নান বলেন, ‘দীপের ভাষ্য অনুযায়ী, পুলিশের মতো পোশাক পরা দুজনকে দেখে তারা দৌড়ে পালান। তবে ওই দুজন কারা, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।’

পিবিআইয়ের এই কর্মকর্তা আরও জানান, ঘটনাস্থলটি একটি খোলা মাঠ, যার তিন দিকেই নদী। দীপের দেওয়া তথ্যের সঙ্গে ঘটনাস্থলের পরিস্থিতি ও প্রযুক্তিগত তথ্য মিলিয়ে দেখা হচ্ছে।

তিনি বলেন, ‘দীপ অনেক তথ্য দিয়েছেন। তবে সেসব তথ্য এখনই প্রকাশ করা সম্ভব নয়। কারণ, তথ্যগুলো যাচাই না করে প্রকাশ করলে জনমনে বিভ্রান্তি তৈরি হতে পারে। তাই নিশ্চিত না হওয়া পর্যন্ত তদন্তের স্বার্থে সব তথ্য প্রকাশ করা হচ্ছে না।’

মন্তব্য

0 টি মন্তব্য
👤
মন্তব্য লোড হচ্ছে...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *