জাতীয়

দারোয়ানের চাঞ্চল্যকর তথ্যে তদন্তে নতুন মোড়

প্রকাশিত :
শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬
/
৬ বার সংবাদটি দেখেছে

বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফ সাউরীর রহস্যজনক মৃত্যুর ঘটনায় নতুন তথ্য সামনে এসেছে। তাঁর নিখোঁজ হওয়া এবং পরে তুরাগ নদ থেকে মরদেহ উদ্ধারের ঘটনায় বন্ধুস্থানীয় ছোট ভাই আহমেদ শাহরিয়ার রেজা দীপকে হেফাজতে নিয়েছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। বাসার দারোয়ানের বক্তব্যে ঘটনার দিন রাতে তাহসিফ ও দীপের একসঙ্গে বের হওয়া এবং পরে দীপের একা ফিরে আসার তথ্য উঠে এসেছে।

দারোয়ানের ভাষ্য অনুযায়ী, ঘটনার দিন রাতে তাহসিফ তাঁর বন্ধু দীপের সঙ্গে বাসা থেকে বের হন। পরে রাত আড়াইটার দিকে দীপ একা বাসায় ফেরেন। তখন তাঁর সঙ্গে তাহসিফ ছিলেন না।

দারোয়ান আরও দাবি করেন, বাসায় ফেরার পর দীপের আচরণে অস্বাভাবিকতা লক্ষ্য করেন তিনি। দীপ চোখে চোখ রেখে কথা বলছিলেন না এবং মিটিমিটি হাসছিলেন। তাঁর এমন আচরণ নিয়েও সন্দেহ তৈরি হয়েছে।

দারোয়ানের দেওয়া তথ্য এবং তাহসিফের পরিবারের পক্ষ থেকে পরিকল্পিত হত্যাকাণ্ডের অভিযোগ ওঠার পর দীপকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেয় পিবিআই। ঘটনার প্রকৃত কারণ এবং এর পেছনে কোনো পূর্বপরিকল্পনা ছিল কি না, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।

এর আগে বুধবার বিকেলে রাজধানীর তুরাগের রাজাবাড়ী ঘাট এলাকা থেকে তাহসিফের ভাসমান মরদেহ উদ্ধার করা হয়। পিবিআইয়ের এক পুলিশ সুপার জানান, মরদেহ উদ্ধারের স্থান থেকে প্রায় ৫০ গজ দূরে একটি মোটরসাইকেল পাওয়া যায়।

ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশত্যাগের ভিডিও ধারণকারী হিসেবে আলোচনায় এসেছিলেন তাহসিফ সাউরী।

জানা গেছে, নিখোঁজ হওয়ার আগে বন্ধুস্থানীয় ছোট ভাই দীপের ডাকে বাসা থেকে বের হয়েছিলেন তিনি। এ ঘটনায় বৃহস্পতিবার রাতে দীপকে হেফাজতে নেয় পিবিআই ঢাকা মেট্রো উত্তর।

পিবিআইয়ের এক পুলিশ সুপার জানান, দীপকে সঙ্গে নিয়ে রাতভর বিভিন্ন স্থানে অভিযান চালানো হয়েছে।

জিজ্ঞাসাবাদে দীপ দাবি করেছেন, তাঁরা ঘটনাস্থলে বসে কথা বলছিলেন। এ সময় কয়েকজন ব্যক্তি তাঁদের ধাওয়া করলে তাহসিফ নদীতে ঝাঁপ দেন। অন্যদিকে, তিনি নিজে পালিয়ে যান। তবে দীপের এই বক্তব্যসহ জিজ্ঞাসাবাদে পাওয়া অন্যান্য তথ্য যাচাই-বাছাই করছে তদন্তকারী সংস্থা।

পিবিআই প্রধান অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক মোস্তফা কামাল জানিয়েছেন, দীপকে হেফাজতে নেওয়ার পর বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। তবে তদন্তের স্বার্থে আপাতত সেসব তথ্য প্রকাশ করতে চান না তিনি।

অন্যদিকে, পিবিআই সদর দপ্তরের পুলিশ সুপার আবু ইউসুফ জানান, উদ্ধার হওয়া মোটরসাইকেলটি তাহসিফের কি না, তা যাচাই করা হচ্ছে। এ ঘটনায় তদন্তে নৌ পুলিশকে সহায়তা করছে পিবিআই।



কুশল/সাএ

মন্তব্য

0 টি মন্তব্য
👤
মন্তব্য লোড হচ্ছে...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *