প্রধান শিরোনামবরিশালবরিশাল জেলা

বরিশালে ইলিশ রক্ষা অভিযানে গুলিতে জেলে নিহত

প্রকাশিত :
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬
/
৬ বার সংবাদটি দেখেছে

দক্ষিণ টিভি | হিজলা করেসপন্ডেন্ট : বরিশালের হিজলায় মেঘনা নদীতে গুলিবিদ্ধ হয়ে আকতার হাওলাদার (৪০) নামে এক জেলের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও চার থেকে পাঁচজন জেলে আহত হয়েছেন। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) ভোর ৫টার দিকে উপজেলার গৌরবদী ইউনিয়নের বড়জালিয়া মাছঘাটসংলগ্ন মেঘনা নদীতে এ ঘটনা ঘটে।

নিহতের পরিবারের দাবি, ইলিশ রক্ষা অভিযানের সময় কোস্টগার্ড ও চাঁদপুর নৌ-পুলিশের গুলিতে আকতার হাওলাদার নিহত হয়েছেন। তবে গুলি কারা চালিয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি বলে জানিয়েছে পুলিশ।

নিহত আকতার হাওলাদার হিজলা উপজেলার মেমানিয়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের চর মেমানিয়া গ্রামের বাসিন্দা। তিনি সুলতান হাওলাদারের ছেলে।

নিহতের বোন সাথী আক্তার জানান, বুধবার রাতে আকতার হাওলাদারসহ কয়েকজন জেলে মাছ শিকারের জন্য মেঘনা নদীতে যান। বৃহস্পতিবার ভোরে হিজলার গৌরবদী ইউনিয়নের বড়জালিয়া মাছঘাটসংলগ্ন এলাকায় কোস্টগার্ড ও চাঁদপুর নৌ-পুলিশের আকস্মিক গুলিতে তাঁর ভাই গুরুতর আহত হন বলে পরিবারের দাবি। পরে তাঁকে প্রথমে হিজলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়।

মেমানিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আফসার উদ্দিন জানান, বৃহস্পতিবার ভোরে কয়েকজন জেলে তাঁকে মেঘনা নদীতে একজন জেলেকে গুলিবিদ্ধ অবস্থায় পড়ে থাকার খবর দেন। খবর পেয়ে তিনি ঘটনাস্থলে গিয়ে ওই জেলেকে উদ্ধার করেন। পরে পুলিশকে জানানো হলে পুলিশ এসে তাঁকে হিজলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। তবে কে বা কারা গুলি চালিয়েছে, সে বিষয়ে তিনি নিশ্চিত নন।

হিজলা উপজেলা মৎস্য কর্মকর্তা কেএম মাহফুজুর রহমান জানান, বৃহস্পতিবার সকালে জেলে নিহত হওয়ার বিষয়টি তিনি জানতে পেরেছেন। বুধবার রাতে তাঁদের কোনো অভিযানিক দল মেঘনা নদীতে যায়নি। তাঁদের স্পিডবোট দুই দিন ধরে বিকল থাকায় গত দুই দিন ছোট ট্রলার নিয়ে সীমিত পরিসরে অভিযান চালানো হয়েছে। অন্য কোনো জেলার অভিযানিক দল ওই এলাকায় অভিযান পরিচালনা করে থাকতে পারে বলেও জানান তিনি।

হিজলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সোলায়মান জানান, বৃহস্পতিবার ভোরে মেঘনা নদীর বড়জালিয়া ঘাটে গোলাগুলির খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। সেখান থেকে গুলিবিদ্ধ আকতার হাওলাদারকে উদ্ধার করে প্রথমে হিজলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়। পরে অবস্থার অবনতি হলে তাঁকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু হয়।

ওসি আরও জানান, এ ঘটনায় চার থেকে পাঁচজন জেলে আহত হয়েছেন। তাঁরা বিভিন্ন স্থানে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। তবে কীভাবে এবং কারা গুলি চালিয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। পুরো বিষয়টি তদন্তাধীন রয়েছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। তদন্ত সাপেক্ষে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।



মন্তব্য

0 টি মন্তব্য
👤
মন্তব্য লোড হচ্ছে...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *