জেলার খবর

দুই ডাকাত গ্রেপ্তার, লুট হওয়া মালামাল উদ্ধার

প্রকাশিত :
বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬
/
৭ বার সংবাদটি দেখেছে

গাজীপুরের কালীগঞ্জে একটি বৈদ্যুতিক সামগ্রীর দোকানে তালা কেটে দুর্ধর্ষ ডাকাতির ঘটনার রহস্য উদ্ঘাটন করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত দুই ডাকাতকে গ্রেপ্তার এবং ডাকাতির কাজে ব্যবহৃত ট্রাক ও পিকআপসহ বিপুল পরিমাণ লুট হওয়া বৈদ্যুতিক ক্যাবল উদ্ধার করা হয়েছে।

কালীগঞ্জ থানার আয়োজিত এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়। পুলিশ জানায়, গত ১৪ অক্টোবর রাতের কোনো এক সময়ে কালীগঞ্জের তুমলিয়ার বোয়ালি মোড়ের বিপরীত পাশে অবস্থিত ‘সুভান এন্টারপ্রাইজ’ নামের একটি বৈদ্যুতিক সামগ্রীর দোকানে এই ডাকাতির ঘটনা ঘটে। অজ্ঞাতনামা ডাকাতদল শার্টারের তালা কেটে ভেতরে প্রবেশ করে বিভিন্ন ধরনের বৈদ্যুতিক তার, ক্যাবল, সরঞ্জাম ও নগদ টাকা ট্রাকে করে লুট করে নিয়ে যায়।

এ ঘটনায় দোকানের মালিক সালাউদ্দিন আকন্দ বাদী হয়ে কালীগঞ্জ থানায় অজ্ঞাতনামা ব্যক্তিদের বিরুদ্ধে মামলা দায়ের করেন। পরবর্তীতে পুলিশি তদন্তে বেরিয়ে আসে, এটি সাধারণ কোনো চুরি নয়, বরং একটি সুপরিকল্পিত ডাকাতির ঘটনা।

চাঞ্চল্যকর এই ডাকাতির রহস্য উদ্ঘাটন এবং জড়িতদের গ্রেপ্তারে কালীগঞ্জ সার্কেলের একটি চৌকস পুলিশ দল মাঠে নামে। অতিরিক্ত পুলিশ সুপার, কালীগঞ্জ সার্কেলের দিকনির্দেশনায় ডিএমপি বাড্ডা থানা এলাকার বড় বেড়াইত এলাকায় অভিযান চালিয়ে দুজনকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন—ঝালকাঠি জেলার রামচন্দ্রপুর ইউনিয়নের গাবা এলাকার মৃত মুনসুর আলীর ছেলে মো. মিলন মিয়া (৪৫) এবং ঢাকা মেট্রোপলিটনের বাড্ডা থানার বড় বেড়াইত এলাকার মৃত আলতাব হোসেনের ছেলে রমজান (৪০)।

পুলিশ আরও জানায়, গ্রেপ্তারকৃতদের দেওয়া তথ্যের ভিত্তিতে তাদের বসতবাড়ি ও ভাড়া করা দোকান থেকে লুট হওয়া বিভিন্ন ব্র্যান্ডের বিপুল পরিমাণ বৈদ্যুতিক ক্যাবল উদ্ধার করা হয়। এছাড়া ডাকাতিতে ব্যবহৃত একটি বড় ট্রাক এবং লুট করা মালামাল পরিবহনের কাজে ব্যবহৃত একটি পিকআপ জব্দ করা হয়েছে।

সংবাদ সম্মেলনে কালীগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মুক্তাজুল ইসলাম এবং কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকির হোসেন উপস্থিত ছিলেন। পুলিশ জানায়, এ ঘটনায় জড়িত পলাতক অন্যান্যদের গ্রেপ্তার এবং বাকি মালামাল উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে। আইনি প্রক্রিয়া শেষে গ্রেপ্তারকৃত আসামিদের আদালতে সোপর্দ করা হয়েছে।



কুশল/সাএ

মন্তব্য

0 টি মন্তব্য
👤
মন্তব্য লোড হচ্ছে...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *