
বরিশালে যুবদল কর্মী হত্যার ঘটনায় বিএনপি নেতা আজীবনের জন্য বহিষ্কার
দক্ষিণ টিভি | উজিরপুর করেসপন্ডেন্ট : বরিশালের উজিরপুরের সাতলায় যুবদল কর্মী কাওছার হাওলাদার হত্যা মামলার এজাহারভুক্ত আসামি বিএনপি নেতা মো. কাঞ্চন মোল্লাকে দল থেকে আজীবনের জন্য বহিষ্কার করা হয়েছে। তিনি সাতলা ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন।
সোমবার (২৬ অক্টোবর) সন্ধ্যায় দলীয় সূত্রে এ তথ্য জানা গেছে। এর আগে ২৫ অক্টোবর উজিরপুর উপজেলা বিএনপির সভাপতি এস. সরফুদ্দিন আহমেদ সান্টু, সিনিয়র সহসভাপতি এসএম আলাউদ্দিন ও সাধারণ সম্পাদক মো. হুমায়ুন খান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্ত জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় শৃঙ্খলা ভঙ্গ, দলের নীতি-আদর্শ ও সংহতিবিরোধী অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে দলের ভাবমূর্তি ক্ষুণ্ন করায় কাঞ্চন মোল্লাকে আজীবনের জন্য বহিষ্কার করা হয়েছে।
জানা গেছে, কাওছার হাওলাদার হত্যা মামলার এজাহারে কাঞ্চন মোল্লাকে ৬ নম্বর আসামি করা হয়েছে। তবে বহিষ্কারের বিষয়ে তাঁর বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।
উজিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রকিবুল ইসলাম বলেন, “শুধু ৬ নম্বর আসামি নয়, পলাতক সব আসামিকে গ্রেপ্তারের জন্য অভিযান চলমান রয়েছে।”
উল্লেখ্য, শুক্রবার রাতে উজিরপুর উপজেলার পশ্চিম সাতলায় যুবদল কর্মী কাওছার হাওলাদারকে (৩২) কুপিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় হত্যাকাণ্ডের পর ঢাকায় পালিয়ে যাওয়ার সময় পদ্মা সেতু দক্ষিণ টোল প্লাজা এলাকা থেকে মাইক্রোবাসসহ নয়জনকে গ্রেপ্তার করে উজিরপুর মডেল থানা পুলিশ। এ সময় তাঁদের কাছ থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত ধারালো অস্ত্র উদ্ধারের কথা জানিয়েছে পুলিশ।
হত্যাকাণ্ডের প্রতিবাদে এবং জড়িতদের গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে রোববার স্থানীয় বাসিন্দারা বিক্ষোভ ও মানববন্ধন করেন। এর আগে শনিবার দুই আসামির বাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। ওই দিন নিহতের ভাই মোস্তফা হাওলাদার বাদী হয়ে উজিরপুর মডেল থানায় হত্যা মামলা দায়ের করেন।
মন্তব্য
0 টি মন্তব্য