জেলার খবর

“সাংবাদিকদের কুত্তার মতো পেটানো দরকার” মন্তব্য করে সমালোচনায় আব্বাসী

প্রকাশিত :
বুধবার, ২১ অক্টোবর, ২০২৬
/
৯ বার সংবাদটি দেখেছে

সাংবাদিকদের ‘কুত্তার মতো পেটানো দরকার’ বলে মন্তব্য করেছেন ইসলামী বক্তা ড. সাইয়্যেদ মুহাম্মদ এনায়েতুল্লাহ আব্বাসী। মাদকের বিরুদ্ধে অভিযানের ইতিবাচক দিক প্রচার না করে অভিযানের পদ্ধতি নিয়ে সংবাদ প্রকাশের সমালোচনা করতে গিয়ে তিনি এ মন্তব্য করেন।

সোমবার (১৯ অক্টোবর) রাতে চাঁদপুরের মতলব উত্তর উপজেলার নিশ্চিন্তপুর হাফিজিয়া মাদরাসার বার্ষিক ওয়াজ ও দোয়া মাহফিলে প্রধান বক্তার বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

এদিকে এনায়েতুল্লাহ আব্বাসীর এমন বিতর্কিত মন্তব্যের পর সামাজিক যোগাযোগ মাধ্যমসহ গণমাধ্যমে সমালোচনার ঝড় ওঠে। সাংবাদিকদের নিয়ে এমন মন্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়।

বক্তব্যে সাংবাদিকদের ‘হলুদ সাংবাদিক’ আখ্যা দিয়ে তাদের বিরুদ্ধে অবস্থান নেওয়ার আহ্বান জানান আব্বাসী। তিনি বলেন, মাদকের বিরুদ্ধে অভিযানের ইতিবাচক দিক তুলে না ধরে সাংবাদিকরা পিস্তল হাতে দৌড়ানোর বিষয়টি সামনে এনেছেন। সাংবাদিকরা ইতিবাচক সংবাদ প্রচার করলে মাদকের বিরুদ্ধে অভিযান নিয়ে সরকারের সিদ্ধান্ত ভিন্ন হতে পারত।

ঢাকার রাজনীতিতে আলোচিত ইশরাক হোসেনের মাদকবিরোধী অবস্থানের প্রসঙ্গ টেনে আব্বাসী বলেন, ইশরাক হোসেন মাদকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন, যা ঠিক। তবে পিস্তল উঁচিয়ে অভিযান চালানোর পদ্ধতি খারাপ হলেও তার উদ্দেশ্য মহৎ ছিল।

আওয়ামী লীগের নেতাকর্মীদের প্রসঙ্গে আব্বাসী বলেন, দেশে বিএনপি, জামায়াত, এনসিপির পাশাপাশি আওয়ামী লীগের লোকজনও রয়েছেন। যারা খুনের সঙ্গে জড়িত, তাদের শাস্তি হওয়া উচিত। তবে নিরীহ আওয়ামী লীগ নেতাকর্মীদের ক্ষমা করে দেওয়া দেশের জন্য কল্যাণকর হবে।

বক্তব্যের অন্য অংশে রাজনৈতিক মতভেদ ভুলে ইসলামের স্বার্থ রক্ষা, মুসলমানদের মৌলিক দাবি আদায় এবং দেশের স্বাধীনতা রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান আব্বাসী। বাংলাদেশের প্রাকৃতিক সম্পদ ও ভৌগোলিক অবস্থানের গুরুত্ব তুলে ধরে তিনি দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় ঐক্যের ওপর জোর দেন।

এ বিষয়ে চাঁদপুর প্রেস ক্লাবের সভাপতি সোহেল রুশদী জানান, সাংবাদিকরা সমাজের দর্পণ হিসেবে কাজ করেন। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ করা সাংবাদিকদের পেশাগত দায়িত্ব। কোনো সংবাদ বা সংবাদ প্রকাশের পদ্ধতি নিয়ে কারো আপত্তি থাকলে তিনি নিয়মতান্ত্রিকভাবে তার প্রতিবাদ জানাতে পারেন। কিন্তু সাংবাদিকদের ‘কুত্তার মতো পেটানো দরকার’ এ ধরনের মন্তব্য অত্যন্ত আপত্তিকর ও নিন্দনীয়। এ ধরনের বক্তব্য সাংবাদিকদের পেশাগত মর্যাদা ও স্বাধীন সাংবাদিকতার পরিবেশকে প্রশ্নবিদ্ধ করে। আমরা এ মন্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। একই সঙ্গে দায়িত্বশীল ব্যক্তিদের বক্তব্য প্রদানের ক্ষেত্রে সংযত ও শ্রদ্ধাশীল থাকার আহ্বান জানাচ্ছি।



স্বাধীন/সা.এ.

মন্তব্য

0 টি মন্তব্য
👤
মন্তব্য লোড হচ্ছে...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *