ক্যাম্পাস

রাবি শিক্ষার্থীকে উন্নত চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় পাঠাল বিশ্ববিদ্যালয় প্রশাসন

প্রকাশিত :
মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬
/
৯ বার সংবাদটি দেখেছে

উন্নত চিকিৎসার জন্য গুরুতর আহত রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) মাইক্রোবায়োলজি বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী চেসি ত্রিপুরাকে এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় পাঠিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

মঙ্গলবার (২০ অক্টোবর) দুপুর দেড়টার দিকে তাকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্সটি ঢাকার উদ্দেশে যাত্রা শুরু করে। সেখানে ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতালে তার চিকিৎসা দেওয়ার কথা রয়েছে।

এর আগে, গতকাল সোমবার রাজশাহীর বাগমারা থেকে ক্যাম্পাসে ফেরার পথে ট্রাকের ধাক্কায় গুরুতর আহত হন চেসি ত্রিপুরা। সন্ধ্যায় দুর্ঘটনার পর তাকে প্রথমে দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। শারীরিক অবস্থার অবনতি হলে তাকে আইসিইউতে নেওয়া হয়। তার মাথার ডান দিকে গুরুতর আঘাত ও অভ্যন্তরীণ রক্তক্ষরণ হয়েছে।

এ বিষয়ে উপাচার্য অধ্যাপক ড. মো. ফরিদুল ইসলাম বলেন, আমাদের চতুর্থ বর্ষের  মাইক্রোবায়োলজি বিভাগের ছাত্রী মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় গতকাল গুরুতর আহত হয়। তার হেড ইনজুরি ছিল। স্কাল ফেটে গেছিল। এখানকার ডাক্তাররা নিউরো সার্জারি করতে বলেছেন। আই আইসিইউতে নিয়ে গেছেন। এবং ভেন্টিলেশনে ছিল। 

তিনি বলেন, যথেষ্ট চেষ্টা করার পরে কর্তব্যরত ডাক্তাররা সকালেই সিদ্ধান্ত নিয়েছেন যে এই শিক্ষার্থীকে ঢাকায় উন্নত চিকিৎসার জন্য দ্রুত পাঠাতে হবে। ঢাকা নিউরো সাইন্স এ রেফার করা হয়েছে। আমরা ওখানে নিউরো সাইন্সের ডাইরেক্টর যারা আছেন তাদের সঙ্গে যোগাযোগ করেছি। ওর জন্য একটা আইসিইউ প্রস্তুত আছে। পৌঁছানো মাত্রই চিকিৎসা শুরু হবে। এবং তাদের কাগজপত্র আগেই পাঠিয়ে দেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, আমাদের ছাত্র-ছাত্রীদের পাশে প্রশাসন সব সময় ছিল, আছে, থাকবে ভবিষ্যতে। আমরা এভাবে কাজ করে যেতে চাই এবং যত ধরনের প্রয়োজন। এটি সর্বোচ্চ আমাদের। নিজেরও একটা দায়িত্ব আছে যে এই মেয়েটি সুদূর বান্দরবন থেকে লেখাপড়া করতে এসেছে। সুতরাং প্রশাসনের দায়িত্ব থাকা অবস্থায় আমরাই তো তার অভিভাবক। এই মেসেজটাই দিতে চাই যে আমরা ইতিপূর্বে করেছি ভবিষ্যতেও করবো ইনশাআল্লাহ।

সর্বশেষ বলেন, আমি দেশবাসীর কাছে বলবো যে আমাদের এই শিক্ষার্থীর জন্য বিধাতার কাছে আমরা সকলে প্রার্থনা করি, যেন সে দ্রুত সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসে।



বাপ্পি/সা.এ

মন্তব্য

0 টি মন্তব্য
👤
মন্তব্য লোড হচ্ছে...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *