
বরিশালে দুর্গাপূজা নির্বিঘ্নে উদ্যাপনে সহযোগিতার আশ্বাস বিসিসি প্রশাসকের
দক্ষিণ টিভি | স্টাফ করেসপন্ডেন্ট : শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বরিশালের বাবুগঞ্জের মাধবপাশা এলাকার দাসবাড়ি সার্বজনীন শ্রীশ্রী দুর্গা ও সরস্বতী মন্দির (তিনমঠ) পরিদর্শন করেছেন বরিশাল সিটি করপোরেশনের (বিসিসি) প্রশাসক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরীন।
সোমবার (১৯ অক্টোবর) তিনি মন্দিরটি পরিদর্শন করেন। এ সময় পূজা উদ্যাপন কমিটির নেতৃবৃন্দ ও সনাতন ধর্মাবলম্বী ভক্তদের সঙ্গে শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন এবং পূজার সার্বিক আয়োজনের খোঁজখবর নেন।
পরিদর্শনকালে অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরীন বলেন, “উৎসবের আনন্দ সবার। সম্প্রীতির বাংলাদেশে আবহমানকাল ধরে সব ধর্মের মানুষ নিজ নিজ ধর্মীয় উৎসব পরম উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে উদ্যাপন করে আসছে। দুর্গাপূজা শুধু সনাতন ধর্মাবলম্বীদের উৎসব নয়, এটি আমাদের সবার সৌহার্দ্য ও সম্প্রীতির উৎসব।”
তিনি দুর্গাপূজা নির্বিঘ্ন, সুশৃঙ্খল ও উৎসবমুখর পরিবেশে উদ্যাপনে স্থানীয় প্রশাসন ও পূজা উদ্যাপন কমিটির পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।
মন্দির পরিদর্শনকালে পরিচালনা কমিটির নেতৃবৃন্দ, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিপুলসংখ্যক ভক্ত ও দর্শনার্থী উপস্থিত ছিলেন। এ সময় পূজা কমিটির পক্ষ থেকে বিসিসি প্রশাসককে উষ্ণ অভ্যর্থনা জানানো হয়।
মন্তব্য
0 টি মন্তব্য