প্রধান শিরোনামবরিশালবরিশাল জেলা

বরিশালে বিয়ে না করে সাত মাসের সংসার! ইমাম আটক

প্রকাশিত :
বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬
/
৪৩ বার সংবাদটি দেখেছে

দক্ষিণ টিভি | বাকেরগঞ্জ করেসপন্ডেন্ট : বরিশালের বাকেরগঞ্জে এক বিবাহিত নারীকে নিয়ে প্রায় সাত মাস ধরে বসবাসের অভিযোগে মসজিদের ইমাম আব্দুল্লাহ তুহিন ও ওই নারীকে আটক করেছেন স্থানীয়রা। পরে পুলিশ তাদের উদ্ধার করে ওই নারীকে পরিবারের কাছে হস্তান্তর করেছে। তবে কোনো পক্ষ লিখিত অভিযোগ না করায় এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হয়নি বলে জানিয়েছে পুলিশ।

 

বুধবার (৭ অক্টোবর) দুপুরে উপজেলার দাড়িয়াল ইউনিয়নের বাংলাবাজার জামে মসজিদের পাশের একটি ভাড়া বাসা থেকে স্থানীয়রা তাদের আটক করেন।

 

অভিযুক্ত আব্দুল্লাহ তুহিন পটুয়াখালীর কলাপাড়া উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের মোস্তফাপুর গ্রামের আব্দুল কাশেমের ছেলে। তিনি বাংলাবাজার জামে মসজিদে ইমাম হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

 

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, প্রায় পাঁচ বছর আগে তুহিনের সঙ্গে পাশের গ্রামের ইব্রাহিম হাওলাদারের মেয়ে সাদিয়ার পারিবারিকভাবে বিয়ে হয়। সাদিয়া বর্তমানে তার শ্বশুরবাড়িতে বসবাস করছেন।

 

সাদিয়ার বড় ভাই ইয়াকুব আলীর অভিযোগ, এর আগে মজিদপুর এলাকার একটি মসজিদে ইমামতির দায়িত্ব পালন করার সময় তুহিন মসজিদের পাশের বাড়ির বাসিন্দা মৃত কাউসারের বিবাহিত মেয়ে মিম আক্তারের সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েন। একপর্যায়ে মিম স্বামীর সংসার ছেড়ে তুহিনের সঙ্গে চলে যান বলেও দাবি করেন তিনি।

 

স্থানীয়দের দাবি, এরপর থেকে তুহিন ও মিম বিভিন্ন স্থানে অবস্থান করছিলেন। প্রায় সাত মাস ধরে তারা দাড়িয়াল ইউনিয়নের বাংলাবাজার এলাকায় একটি ভাড়া বাসায় বসবাস করছিলেন বলে অভিযোগ রয়েছে।

 

বিষয়টি জানাজানি হলে বুধবার দুপুরে স্থানীয়রা ওই বাসায় গিয়ে তুহিন ও মিমকে আটক করেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের উদ্ধার করে।

 

পুলিশ জানিয়েছে, কোনো পক্ষ থেকে লিখিত অভিযোগ না পাওয়ায় এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হয়নি। নারীকে তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।



মন্তব্য

0 টি মন্তব্য
👤
মন্তব্য লোড হচ্ছে...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *