
বরিশাল টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজে অন্যান্য ছাত্র সংগঠনের কমিটি থাকলেও নেই ছাত্রদলের কমিটি
বরিশাল ভয়েস ডেস্ক || বরিশাল টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজে বিভিন্ন ছাত্র সংগঠনের কমিটি থাকলেও দীর্ঘদিন ধরে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কোনো কমিটি নেই। এতে প্রতিষ্ঠানটিতে ছাত্রদলের সঙ্গে সম্পৃক্ত সাধারণ শিক্ষার্থীরা সাংগঠনিকভাবে অবহেলিত ও বঞ্চিত হচ্ছেন বলে অভিযোগ উঠেছে।
সংশ্লিষ্ট ছাত্রদল কর্মীদের অভিযোগ, অন্যান্য ছাত্র সংগঠনগুলো যেখানে নিজেদের সাংগঠনিক কার্যক্রম পরিচালনার পাশাপাশি শিক্ষার্থীদের নিয়ে কমিটি গঠন করে কার্যক্রম চালিয়ে যাচ্ছে, সেখানে ছাত্রদলের কোনো কমিটি না থাকায় সংগঠনটির কর্মীরা কাঙ্ক্ষিত সাংগঠনিক পরিচয় ও কার্যক্রমের সুযোগ থেকে বঞ্চিত হচ্ছেন।
তাদের দাবি, দীর্ঘদিন ধরে ছাত্রদলের কমিটি না থাকায় প্রতিষ্ঠানের অনেক শিক্ষার্থী সংগঠনের সঙ্গে যুক্ত হওয়ার আগ্রহ দেখালেও সাংগঠনিকভাবে তাদের সম্পৃক্ত করার কার্যকর কোনো কাঠামো নেই। ফলে ছাত্রদলের তৃণমূল পর্যায়ের কর্মীদের মধ্যে হতাশা ও ক্ষোভ তৈরি হচ্ছে।
এদিকে বরিশাল মহানগর ছাত্রদলের বর্তমান নেতৃত্বের কাছে বরিশাল টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজে কমিটি গঠনের দাবি জানিয়েছেন সংগঠনটির সংশ্লিষ্ট কর্মীরা। তারা দ্রুত সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে যোগাযোগ করে একটি নিয়মতান্ত্রিক কমিটি গঠনের উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়েছেন।
বরিশাল মহানগর ছাত্রদলের আহ্বায়ক মো. এনামুল হাসান তাসনিম এবং সদস্য সচিব মো. নাভিদ রহমান খান (তুষার)-এর নেতৃত্বে মহানগরের বিভিন্ন পর্যায়ে সাংগঠনিক কার্যক্রম পরিচালিত হচ্ছে। তাদের কাছে টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের ছাত্রদল কর্মীদের প্রত্যাশা, প্রতিষ্ঠানটিতেও সংগঠনের সাংগঠনিক কাঠামো গড়ে তোলা হবে।
ছাত্রদল কর্মীদের ভাষ্য, একটি প্রতিষ্ঠানে অন্যান্য ছাত্র সংগঠনের কমিটি থাকবে, অথচ ছাত্রদলের কোনো কমিটি থাকবে না—এতে সংগঠনের তৃণমূল কর্মীদের মধ্যে বৈষম্য ও অবহেলার অনুভূতি তৈরি হচ্ছে। তারা দ্রুত বিষয়টি গুরুত্ব দিয়ে দেখার জন্য মহানগর ছাত্রদলের দায়িত্বশীল নেতাদের প্রতি আহ্বান জানিয়েছেন।
তাদের আরও দাবি, কমিটি গঠন করা হলে দীর্ঘদিন ধরে সাংগঠনিকভাবে নিষ্ক্রিয় থাকা কর্মীরা নতুন করে সংগঠিত হওয়ার সুযোগ পাবেন। পাশাপাশি সাধারণ শিক্ষার্থীদের মধ্য থেকেও নতুন নেতৃত্ব তৈরি হওয়ার সুযোগ সৃষ্টি হবে।
বরিশাল টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের ছাত্রদল কর্মীদের প্রত্যাশা, বিষয়টি বিবেচনায় নিয়ে মহানগর ছাত্রদলের দায়িত্বশীল নেতারা দ্রুত সাংগঠনিক উদ্যোগ গ্রহণ করবেন এবং সাধারণ শিক্ষার্থীদের অংশগ্রহণের মাধ্যমে একটি কার্যকর কমিটি গঠনের ব্যবস্থা করবেন।
মন্তব্য
0 টি মন্তব্য