বরিশাল নগরী

বরিশালে বিদেশি মদ-বিয়ারসহ তিনজন গ্রেপ্তার

প্রকাশিত :
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬
/
৩৯ বার সংবাদটি দেখেছে

 

 

বরিশাল নগরীর দপদপিয়া টোলঘর এলাকায় অভিযান চালিয়ে বিদেশি মদ, দেশি মদ ও বিয়ারসহ তিনজনকে গ্রেপ্তার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) ও কোতোয়ালি থানা পুলিশ।

মঙ্গলবার রাতে দপদপিয়া ব্রিজের টোলঘরের সামনে চেকপোস্ট বসিয়ে অভিযান চালানো হয়। এ সময় একটি সাদা প্রাইভেটকারে তল্লাশি চালিয়ে ২২ বোতল বিদেশি মদ, ৮ বোতল দেশি মদ ও ৯৪ ক্যান বিয়ার উদ্ধার করা হয়। এ ঘটনায় প্রাইভেটকারটিও জব্দ করেছে পুলিশ।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন ছগির হোসেন মীর, কামাল হোসেন ও রিপন মিয়া। তাদের সবার বাড়ি বরগুনার পাথরঘাটা উপজেলায়।

বরিশাল মহানগর গোয়েন্দা পুলিশের সহকারী কমিশনার ফরহাদ সরদার জানান, দপদপিয়া ব্রিজের টোলঘরের সামনে চেকপোস্ট বসিয়ে যানবাহনে তল্লাশি চালানো হচ্ছিল। এ সময় সন্দেহ হলে সাদা প্রাইভেটকারটিতে তল্লাশি চালিয়ে মাদকগুলো উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তিরা জানিয়েছেন, তারা বরিশাল নগরীর একটি অভিজাত হোটেল থেকে মদ সংগ্রহ করে বিক্রির উদ্দেশ্যে বরগুনায় নিয়ে যাচ্ছিলেন।

পুলিশের দাবি, গ্রেপ্তার তিনজনের বিরুদ্ধে বরিশাল ও ঝালকাঠী জেলার বিভিন্ন থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে প্রায় নয়টি মামলা রয়েছে। তারা দীর্ঘদিন ধরে বরিশাল থেকে মদ সংগ্রহ করে বরগুনার বিভিন্ন উপজেলায় নিয়ে বিক্রি করে আসছিলেন বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে তথ্য পাওয়া গেছে।

এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।



মন্তব্য

0 টি মন্তব্য
👤
মন্তব্য লোড হচ্ছে...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *