
অপ্রতিমকে কি আর ফিরিয়ে আনা যাবে?
এইচ আর হীরা |দেশের বানী : বন্ধুদের সঙ্গে ছবি তুলতে একটি শিশু নিজের পায়ে হেঁটে বাড়ি থেকে বের হয়েছিল। হাতে ছিল মায়ের আইফোন। কিন্তু সেই বেরিয়ে যাওয়া যে তার জীবনের শেষ বেরিয়ে যাওয়া হবে, তা কেউ জানত না। কিছুক্ষণ পর অপ্রতিম ফিরল লাশবাহী গাড়িতে।
১৩ বছরের অপ্রতিমের মৃত্যু শুধু একটি পরিবারের কান্না নয়, এটি আমাদের আইনশৃঙ্খলা ব্যবস্থা ও অপরাধ প্রতিরোধের সক্ষমতার সামনে বড় প্রশ্ন।
বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, অপ্রতিমের সঙ্গে থাকা মায়ের আইফোন আটক তুহিনের বাড়ি থেকে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় তুহিন, আনাস ও ফাহিমকে আটক করা হয়েছে। আইফোন উদ্ধার তদন্তের গুরুত্বপূর্ণ আলামত।
কিন্তু এখানে প্রশ্ন হলো, একটি আইফোনের মূল্য কি একটি শিশুর জীবনের চেয়ে বেশি হয়ে গেল?
অপ্রতিমকে কেন হত্যা করা হলো, কারা জড়িত এবং এর পেছনে প্রকৃত উদ্দেশ্য কী? তা নিরপেক্ষ তদন্তের মাধ্যমে বের করা। শুধু আইফোন উদ্ধার নয়, ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট প্রতিটি ব্যক্তি ও আলামত খতিয়ে দেখতে হবে।
ঘটনার পর তুহিনের বিরুদ্ধে আগের একটি মোটরসাইকেল চুরির অভিযোগ এবং তাকে প্রভাবশালী কারও আশ্রয় দেওয়ার নানা দাবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়েছে। এসব অভিযোগের সত্যতা এখনো নিশ্চিত নয়। তবে সত্যতা থাকলে আগের অভিযোগগুলো কেন যথাযথভাবে তদন্ত হয়নি, সেটিও খতিয়ে দেখা জরুরি।
একজন গণমাধ্যমকর্মী হিসেবে আমরা কাউকে আগেই অপরাধী বলতে চাই না। আবার কোনো প্রভাবশালী ব্যক্তি বা গোষ্ঠীর কারণে সত্য আড়াল হোক, সেটিও চাই না। গণমাধ্যমের কাজ হলো প্রশ্ন করা, সত্য অনুসন্ধান করা এবং জবাবদিহি নিশ্চিত করার দাবি তোলা।
আইফোন উদ্ধার হয়েছে। এখন অপ্রতিমের মৃত্যুর পুরো সত্যটাও উদ্ধার হোক। দ্রুত নয়, সঠিক তদন্ত হোক, প্রমাণের ভিত্তিতে বিচার হোক।
লেখক : গণমাধ্যমকর্মী, বরিশাল।
মন্তব্য
0 টি মন্তব্য