
এয়ারপোর্ট থানার অভিযানে ইয়াবা ও গাঁজাসহ আটক ২

বরিশাল মেট্রোপলিটন পুলিশের (বিএমপি) এয়ারপোর্ট থানার অভিযানে ১০০ পিস ইয়াবা ট্যাবলেট ও ১৪৫ গ্রাম গাঁজাসহ দুইজনকে আটক করা হয়েছে।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর ২০২৬) সন্ধ্যা ৭টার দিকে এয়ারপোর্ট থানাধীন গড়িয়ারপাড় বাসস্ট্যান্ড সংলগ্ন পুলিশ বক্সের সামনে চেকপোস্ট পরিচালনাকালে তাদের আটক করা হয়।
বিএমপি মিডিয়া সেল সূত্রে জানা যায়, এয়ারপোর্ট থানার এসআই বাসুদেবের নেতৃত্বে পুলিশের একটি আভিযানিক দল চেকপোস্ট পরিচালনা করছিল। এ সময় সন্দেহভাজন দুই ব্যক্তির হেফাজত থেকে ১০০ পিস ইয়াবা ট্যাবলেট ও ১৪৫ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
আটক ব্যক্তিরা হলেন—বরিশালের গৌরনদী উপজেলার শরিকল ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের শাহাজিরা গ্রামের মোঃ শাহজান সিকদারের ছেলে মোঃ হাফিজুর রহমান সিকদার (৩২) এবং একই উপজেলার খাঞ্জাপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের আহম্মদ কাঠী, মেধাকুল বাদুরতলা এলাকার মোঃ নুরুল আমীন ফকিরের ছেলে মোঃ ইমাম হাসান (১৯)।
বিএমপি মিডিয়া সেল জানিয়েছে, আটক ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
মন্তব্য
0 টি মন্তব্য