
বরিশালে স্ত্রীকে পিটিয়ে হত্যার ঘটনায় অভিযুক্ত স্বামী আটক
দেশের বানী | স্টাফ করেসপন্ডেন্ট : পরকীয়ার সন্দেহে মুক্তা আক্তার নামে এক গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে তার স্বামী সোহেল শিকদারের বিরুদ্ধে। গত ২ সেপ্টেম্বর রাতে খিলগাঁও এলাকার একটি ভাড়া বাসায় এ ঘটনা ঘটে। ঘটনার খবর গ্রামের বাড়িতে পৌঁছালে বরিশালের বাকেরগঞ্জে নেমে আসে শোকের ছায়া।
নিহত মুক্তা আক্তার বরিশালের বাকেরগঞ্জ উপজেলার দুধল ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের পশ্চিম সরসী গ্রামের মৃত নিজাম হাওলাদারের মেজো মেয়ে। তিনি এক ছেলে ও এক মেয়ের জননী ছিলেন।
পারিবারিক সূত্রে জানা গেছে, বাকেরগঞ্জ উপজেলার ৩ নম্বর দাঁড়িয়াল ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের উত্তর কাজলাকাঠি গ্রামের আলতু শিকদারের ছেলে সোহেল শিকদারের সঙ্গে মুক্তার বিয়ে হয়। স্বজনদের অভিযোগ, বিয়ের পর থেকেই সোহেল বিভিন্ন অজুহাতে স্ত্রীকে মানসিক ও শারীরিক নির্যাতন করে আসছিলেন।
নিহতের স্বজনদের দাবি, ২ সেপ্টেম্বর রাতে সোহেল পরিকল্পিতভাবে মুক্তাকে বেদম মারধর করেন। এ সময় মারধরের ভিডিও ধারণ করা হয় বলেও তারা জানান। একপর্যায়ে মারধরের পর মুক্তার মৃত্যু হলে ঘটনাটিকে আত্মহত্যা হিসেবে চালিয়ে দেওয়ার চেষ্টা করা হয় বলে অভিযোগ স্বজনদের।
এ ঘটনায় নিহতের বড় ভাই বাদী হয়ে ঢাকার খিলগাঁও থানায় মামলা দায়ের করেন। পরে পুলিশ অভিযুক্ত স্বামী সোহেল শিকদারকে আটক করে।
ময়নাতদন্ত শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হলে শুক্রবার জুমার নামাজের পর বাবার বাড়ি পশ্চিম সরসী গ্রামে মুক্তার দাফন সম্পন্ন হয়।
ঘটনার বিষয়ে বাকেরগঞ্জ থানার সরসী তদন্ত কেন্দ্রের ইনচার্জ (আইসি) আব্দুস সালাম বলেন, “ঘটনাটি আমি শুনেছি। নিহতের স্বামীকে ইতিমধ্যে আটক করা হয়েছে। বিস্তারিত জানার জন্য এবং সার্বিক তদন্তের স্বার্থে ওই বাড়িতে পুলিশ পাঠানো হয়েছে।”
দুধল ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য রেজাউল ইসলাম শোক প্রকাশ করে বলেন, “মেয়েটি আমার চোখের সামনে বড় হয়েছে, অত্যন্ত নম্র, ভদ্র ও পর্দানশীন একটি মেয়ে ছিল। তাছাড়া আমার বড় ভাইয়ের মেয়ের ক্লাসমেট। এই পাষণ্ড স্বামী সোহেল শিকদারের বিরুদ্ধে সুষ্ঠু তদন্ত করে দ্রুত দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।”
মুক্তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে পশ্চিম সরসীসহ আশপাশের এলাকায় শোক ও ক্ষোভের সৃষ্টি হয়। স্থানীয়রা ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দোষী প্রমাণিত হলে অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
মন্তব্য
0 টি মন্তব্য