জেলার খবর

বাঁশখালীতে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযানে হামলা: পুলিশসহ আহত ৬

প্রকাশিত :
মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২৬
/
২ বার সংবাদটি দেখেছে

চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় সরকারি বনভূমি দখল করে বসতঘর নির্মাণের অভিযোগে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান চালাতে গিয়ে হামলার শিকার হয়েছেন বন বিভাগের কর্মকর্তা-কর্মচারী ও পুলিশ সদস্যরা। এ ঘটনায় বন বিভাগের পাঁচ কর্মী ও এক পুলিশ কনস্টেবলসহ অন্তত ছয়জন আহত হয়েছেন।

মঙ্গলবার (৩ নভেম্বর) সকাল ১১টার দিকে বাঁশখালী ইকোপার্কের জঙ্গল শীলকূপ মৌজার ৯ নম্বর ওয়ার্ডের করলাশিয়া এলাকায় এ ঘটনা ঘটে।

আহত বন বিভাগের কর্মীরা হলেন, ওয়াইল্ডলাইফ স্কাউট তোফাজ্জল হোসেন (৪৫), জুনিয়র ওয়াইল্ডলাইফ স্কাউট অঞ্জন দে (৩৫), সুভাষ চন্দ্র লস্কর (৪২), পাহারাদার দেলোয়ার হোসেন (৪৫) ও শামসুল আলম (৪৫)।

বন বিভাগ সূত্রে জানা গেছে, বাঁশখালী ইকোপার্ক-সংলগ্ন সংরক্ষিত বনাঞ্চল ও সরকারি জমি দখল করে একটি প্রভাবশালী চক্র পাকা ও আধাপাকা স্থাপনা নির্মাণ করে। এসব অবৈধ স্থাপনা উচ্ছেদ করতে মঙ্গলবার সকালে বন বিভাগ ও বাঁশখালী থানা-পুলিশের একটি যৌথ দল অভিযান চালায়।

বন বিভাগের আহত কর্মীদের অভিযোগ, অভিযান চলাকালে লেয়াকত আলীর নেতৃত্বে একদল লোক লাঠিসোঁটা ও দেশীয় অস্ত্র নিয়ে তাঁদের ওপর অতর্কিত হামলা চালায়। এতে বন বিভাগের পাঁচ কর্মী ও পুলিশের এক সদস্য আহত হন।

বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল হক বলেন, খবর পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থলে যায়। এ ঘটনায় লিখিত অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।



বাপ্পি/সা.এ

মন্তব্য

0 টি মন্তব্য
👤
মন্তব্য লোড হচ্ছে...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *