শিক্ষা

ফেসবুকে অশোভন পোস্ট দিলে শাস্তি পাবেন মাদরাসা শিক্ষকরা

প্রকাশিত :
সোমবার, ২ নভেম্বর, ২০২৬
/
২ বার সংবাদটি দেখেছে

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে কর্তৃপক্ষের সিদ্ধান্ত নিয়ে অশোভন, শিষ্টাচারবহির্ভূত ও উসকানিমূলক পোস্ট দেওয়া থেকে বিরত থাকতে মাদরাসা শিক্ষকদের নির্দেশ দিয়েছে মাদরাসা শিক্ষা অধিদপ্তর। এ ধরনের কর্মকাণ্ড অব্যাহত থাকলে সংশ্লিষ্ট শিক্ষক-কর্মচারীদের বিরুদ্ধে প্রচলিত নীতিমালা অনুযায়ী শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হতে পারে বলেও সতর্ক করা হয়েছে।

সোমবার (২ নভেম্বর) অধিদপ্তরের প্রশাসন শাখা থেকে জারি করা এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়। অধিদপ্তরের আওতাধীন মাদরাসাগুলোতে কর্মরত শিক্ষক-কর্মচারীদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে সতর্ক থাকার কথা বলা হয়েছে এতে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি কয়েকজন শিক্ষক ফেসবুকের ব্যক্তিগত ওয়াল ও বিভিন্ন গ্রুপে কর্তৃপক্ষের নেওয়া সিদ্ধান্ত নিয়ে আপত্তিকর ও উসকানিমূলক মন্তব্য করছেন। এসব পোস্টের কারণে দেশের বিভিন্ন অঞ্চলের মাদরাসা শিক্ষকদের মধ্যে বিভ্রান্তি ছড়াচ্ছে। একই সঙ্গে মাদরাসা শিক্ষার স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হওয়ার আশঙ্কা তৈরি হচ্ছে এবং অধিদপ্তরের ভাবমূর্তিও ক্ষুণ্ন হচ্ছে।

অধিদপ্তর জানায়, এ ধরনের কর্মকাণ্ড ‘সরকারি প্রতিষ্ঠানে সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার নির্দেশিকা, ২০১৯’-এর ১০ (ঙ), ১০ (ছ) ও ১০ (ঝ) অনুচ্ছেদের পরিপন্থী। পাশাপাশি ‘বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান (মাদরাসা) জনবল কাঠামো ও এমপিও নীতিমালা, ২০২৬’-এর ১৮ (গ) অনুযায়ী এসব কর্মকাণ্ড শাস্তিযোগ্য অপরাধ হিসেবে বিবেচিত হবে।

এ পরিস্থিতিতে মাদরাসায় কর্মরত সব শিক্ষক-কর্মচারীকে ফেসবুকসহ অন্যান্য সামাজিক যোগাযোগমাধ্যমে এ ধরনের মন্তব্য, পোস্ট ও কার্যক্রম থেকে বিরত থাকার নির্দেশ দেওয়া হয়েছে।

মাদরাসা শিক্ষা অধিদপ্তরের পরিচালক মুহাম্মদ মোজাম্মেল হোসেন খানের সই করা বিজ্ঞপ্তিটি দেশের সব সরকারি ও বেসরকারি মাদরাসার অধ্যক্ষ, সুপার এবং ইবতেদায়ি প্রধানের কাছে পাঠানো হয়েছে।



কুশল/সাএ

মন্তব্য

0 টি মন্তব্য
👤
মন্তব্য লোড হচ্ছে...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *