অর্থ ও বাণিজ্যকৃষি

জানুয়ারির বেতনেই নতুন মজুরি চান শ্রমিকেরা, বোর্ডকে সময় বেঁধে দিলেন নেতারা

প্রকাশিত :
সোমবার, ২ নভেম্বর, ২০২৬
/
৩ বার সংবাদটি দেখেছে

তৈরি পোশাকশিল্পের শ্রমিকদের নতুন মজুরি ২০২৭ সালের জানুয়ারি মাসের বেতনের সঙ্গে কার্যকর করার দাবি জানিয়েছেন শ্রমিক নেতারা। একই সঙ্গে মজুরি নির্ধারণে দীর্ঘসূত্রতা এড়াতে দ্রুত ধারাবাহিক বৈঠকের আহ্বান জানিয়েছেন তাঁরা। প্রয়োজনে সারা রাত বৈঠক করেও দ্রুত সিদ্ধান্তে পৌঁছানোর কথা বলেছেন শ্রমিক প্রতিনিধিরা।

সোমবার (২ নভেম্বর) সকালে রাজধানীর শ্রম ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব দাবি জানান নিম্নতম মজুরি বোর্ডের শ্রমিক প্রতিনিধি ও শ্রমিক নেতা বাবুল আক্তার।

তিনি বলেন, ২০২৩ সালের ডিসেম্বরে সর্বশেষ পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি ঘোষণা করা হয়েছিল। সে হিসাবে ২০২৬ সালের ডিসেম্বরে তিন বছর পূর্ণ হবে। তাই এবার যে মজুরিই নির্ধারণ করা হোক না কেন, তা যেন ২০২৭ সালের জানুয়ারি মাসের বেতনের সঙ্গে শ্রমিকেরা হাতে পান, সেটিই তাঁদের প্রত্যাশা।

মজুরি নির্ধারণের প্রক্রিয়ায় কোনো ধরনের বিলম্ব চান না জানিয়ে বাবুল আক্তার বলেন, আগের মতো ১৫ দিন পরপর বৈঠক কিংবা কোনো প্রতিনিধি দেশে থাকবেন কি না, এমন অজুহাতে আলোচনা পিছিয়ে দেওয়া যাবে না। একটি বৈঠকের পর পরবর্তী বৈঠকের জন্য এক বা দুই দিন বিরতি দিয়ে ধারাবাহিকভাবে আলোচনা চালিয়ে যেতে হবে। প্রয়োজনে সারা রাত বৈঠক করেও দ্রুত মজুরি নির্ধারণ করতে হবে।

দ্রুত মজুরি বোর্ডের বৈঠকের দাবি

মজুরি বোর্ড গঠন প্রসঙ্গে বাবুল আক্তার বলেন, আইন অনুযায়ী নির্ধারিত সময়ের মধ্যে বোর্ড গঠনের কথা থাকলেও বাস্তবে তা করতে অনেক দেরি হয়েছে। অন্যদিকে শ্রমিকদের আন্দোলন দমাতে বিভিন্ন শ্রমিক ইউনিয়নের নেতা ও সাধারণ শ্রমিকদের নির্বিচারে গ্রেপ্তার করা হচ্ছে এবং তাঁদের বিরুদ্ধে হয়রানিমূলক মামলা দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেন তিনি।

গ্রেপ্তার শ্রমিকদের দ্রুত মুক্তি এবং তাঁদের বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানান এই শ্রমিক নেতা।

শ্রমিকদের উদ্দেশে বাবুল আক্তার বলেন, সবাইকে কাজে ফিরে যেতে হবে। কোনো ধরনের ঘোষণা ছাড়া আন্দোলন-সংগ্রামে না জড়ানোর জন্যও শ্রমিকদের প্রতি অনুরোধ জানান তিনি।

আজ বা আগামীকাল বৈঠক ডাকতে চিঠি দেবে শ্রমিকপক্ষ

সংবাদ সম্মেলনে সভাপতিত্ব করেন নিম্নতম মজুরি বোর্ডের শ্রমিক পক্ষের স্থায়ী প্রতিনিধি ও বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের নেতা আনোয়ার হোসাইন।

তিনি অবিলম্বে মজুরি বোর্ডের সভা আহ্বানের দাবি জানান। আনোয়ার হোসাইন বলেন, দ্রুত সভা আয়োজনের জন্য তাঁরা চেষ্টা করবেন। সোমবার অথবা মঙ্গলবার শ্রমিকপক্ষের প্রতিনিধিদের পক্ষ থেকে চিঠি দিয়ে মজুরি বোর্ডের সভা আহ্বানের উদ্যোগ নেওয়া হবে।

সংবাদ সম্মেলনে নিম্নতম মজুরি বোর্ডের শ্রমিক প্রতিনিধি ও শ্রমিক নেতা নাজমা আক্তার, মোছা. সুলতানা বেগম, লাভলী ইয়াসমিন, খালিকুজ্জামান লিপু, সোহেল রানাসহ অন্য শ্রমিক নেতারা উপস্থিত ছিলেন।



স্বাধীন/সা.এ.

মন্তব্য

0 টি মন্তব্য
👤
মন্তব্য লোড হচ্ছে...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *