জেলার খবর

চট্টগ্রামের বাজারে নকল ডানো ক্রিম ও ক্ষতিকর কেমিক্যাল বিক্রি, ৩ প্রতিষ্ঠানকে জরিমানা

প্রকাশিত :
রোববার, ১ নভেম্বর, ২০২৬
/
৩ বার সংবাদটি দেখেছে

চট্টগ্রামের বাজারে সন্ধান মিলেছে নকল ডানো ক্রিম ও ক্ষতিকর কেমিক্যাল বিক্রির এলাধিক প্রতিষ্ঠানের৷ জাতীয় ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযানে তিন প্রতিষ্ঠানকে মোট ১ লাখ ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

রবিবার (১ নভেম্বর) নগরের আতুরার ডিপো সংলগ্ন এলাকায় পরিচালিত তদারকি কার্যক্রমে এসব অনিয়ম ধরা পড়ে।

অভিযানে নিউ খাজা আজমির স্টোরকে ৭ হাজার টাকা, মেসার্স তৃপ্তি ফুডস প্রোডাক্টকে ১ লাখ টাকা এবং মাবিয়া বেকারিকে ৮ হাজার টাকা জরিমানা করা হয়।

জানা গেছে, নিউ খাজা আজমির স্টোরে নকল ডানো ক্রিম বিক্রির পাশাপাশি খাদ্য প্রস্তুতে ব্যবহার নিষিদ্ধ ক্ষতিকর কেমিক্যাল কেওড়া জল ও গোলাপজল বিক্রি করতে দেখা যায়।এ অপরাধে প্রতিষ্ঠানটিকে ৭ হাজার টাকা জরিমানা করা হয়।

অন্যদিকে, মেসার্স তৃপ্তি ফুডস প্রোডাক্টে খাবার প্রস্তুতে রাসায়নিক রং ব্যবহার, অপরিচ্ছন্ন ও অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন এবং খাদ্যদ্রব্যে তেলাপোকার অবাধ বিচরণ পাওয়া যায়। এসব অপরাধে প্রতিষ্ঠানটিকে ১ লাখ টাকা জরিমানা করা হয়।

এ ছাড়া মাবিয়া বেকারিতে উৎপাদিত পণ্যের মোড়কে মেয়াদসংক্রান্ত তথ্য উল্লেখ না করে বাজারজাত করার প্রমাণ পাওয়ায় প্রতিষ্ঠানটিকে ৮ হাজার টাকা জরিমানা করা হয়।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চট্টগ্রামের উপপরিচালক মোহাম্মদ ফয়েজ উল্যাহ বলেন, খাদ্য প্রস্তুতে নিষিদ্ধ রাসায়নিক রং ব্যবহার, অস্বাস্থ্যকর পরিবেশে খাবার উৎপাদন এবং ক্ষতিকর কেমিক্যাল বিক্রি জনস্বাস্থ্যের জন্য মারাত্মক ঝুঁকিপূর্ণ। অভিযানে প্রতিষ্ঠানগুলোতে বিভিন্ন অনিয়ম পাওয়া যায়। এসব অপরাধে জরিমানা করা হয়। ব্যবসায়ীদের খাদ্যপণ্যের মান, নিরাপত্তা ও মোড়কে প্রয়োজনীয় তথ্য নিশ্চিত করে ব্যবসা পরিচালনা করতে হবে। অন্যথায় আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

ভোক্তাদের নিরাপদ খাদ্য নিশ্চিত করতে এ ধরনের অনিয়মের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।



বাপ্পি/সা.এ

মন্তব্য

0 টি মন্তব্য
👤
মন্তব্য লোড হচ্ছে...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *