জেলার খবর

নগরকান্দায় অসুস্থ সাংবাদিকের চিকিৎসায় পররাষ্ট্র প্রতিমন্ত্রীর ২ লাখ টাকা সহায়তা

প্রকাশিত :
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬
/
৭ বার সংবাদটি দেখেছে

ফরিদপুরের নগরকান্দায় কিডনি রোগে আক্রান্ত সাংবাদিক বোরহান আনিসের চিকিৎসার জন্য ২ লাখ টাকা আর্থিক সহায়তা দিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে নগরকান্দা প্রেসক্লাবে আয়োজিত এক অনুষ্ঠানে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর পক্ষ থেকে এ অনুদানের অর্থ বোরহান আনিসের হাতে তুলে দেন ফরিদপুর জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আফজাল হোসেন খান পলাশ।

বোরহান আনিস দৈনিক ইত্তেফাক ও দৈনিক সমকালের নগরকান্দা উপজেলা প্রতিনিধি এবং নগরকান্দা প্রেসক্লাবের সাবেক সভাপতি। দীর্ঘদিন ধরে কিডনি রোগে ভুগছেন তিনি। ইতোমধ্যে তাঁর একটি জটিল অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে। বর্তমানে তাঁকে নিয়মিত কিডনি ডায়ালাইসিস করাতে হচ্ছে। ব্যয়বহুল চিকিৎসার খরচ জোগাতে হিমশিম খাচ্ছিল তাঁর পরিবার। এমন পরিস্থিতিতে তাঁর অসুস্থতার খবর পেয়ে চিকিৎসার সহায়তায় এগিয়ে আসেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ।

নগরকান্দা প্রেসক্লাবের সভাপতি ও উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শওকত আলী শরীফের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইফুর রহমান মুকুল। অনুষ্ঠান সঞ্চালনা করেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক লিয়াকত হোসেন।

এ সময় বক্তব্য দেন এ কে এম সাইয়াদুর রহমান বাবলু, শামসুল হুদা হুদু, মাহাবুব আহাদ, আলিমুজ্জামান সেলু, মাহাবুব আলী মিয়া, আলমগীর হোসেন বকুল, তৈয়াবুর রহমান মাসুদ ও হেলাল উদ্দিন হেলাল। এ ছাড়া নগরকান্দা উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গসংগঠনের নেতাকর্মীসহ স্থানীয় সাংবাদিকেরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের শেষ পর্যায়ে সাংবাদিক বোরহান আনিসের হাতে চিকিৎসার জন্য দুই লাখ টাকার অনুদান তুলে দেওয়া হয়।



বাপ্পি/সা.এ

মন্তব্য

0 টি মন্তব্য
👤
মন্তব্য লোড হচ্ছে...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *