
বরিশালের বিভাগীয় কমিশনারের আকস্মিক পরিদর্শন, ভূমি অফিস তালাবদ্ধ! অতঃপর
দেশের বানী | স্টাফ করেসপন্ডেন্ট : ঝালকাঠির রাজাপুর উপজেলার শুক্তাগড় ইউনিয়ন ভূমি অফিস নির্ধারিত সময়ে তালাবদ্ধ পাওয়ার ঘটনায় মো. কামাল হোসেন খান নামের এক ইউনিয়ন ভূমি উপসহকারী কর্মকর্তাকে সাময়িক বরখাস্তসহ তাঁর বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) বিভাগীয় কমিশনারের কার্যালয়ের গোপন শাখা থেকে জারি করা এক অফিস আদেশে ঝালকাঠির জেলা প্রশাসককে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়।
অফিস আদেশের তথ্য অনুযায়ী, মঙ্গলবার সকাল ৯টায় বরিশাল বিভাগের বিভাগীয় কমিশনার আকস্মিকভাবে রাজাপুর উপজেলার শুক্তাগড় ইউনিয়ন ভূমি অফিস পরিদর্শনে যান। সেখানে গিয়ে সকাল সাড়ে ৯টা পর্যন্ত অফিসটি তালাবদ্ধ দেখতে পান তিনি। পরে স্থানীয় একজন দপ্তরি সকাল সাড়ে ৯টার দিকে এসে অফিসটি খুলে দেন।
পরিদর্শনকালে ইউনিয়ন ভূমি অফিসের উপসহকারী কর্মকর্তা মো. কামাল হোসেন খান কর্মস্থলে অনুপস্থিত ছিলেন। এ সময় স্থানীয় বাসিন্দা ও পাশের মুদি দোকানের কর্মচারীদের সঙ্গে কথা বলে বিভাগীয় কমিশনার জানতে পারেন, ওই অফিসে সাধারণত সকাল ১০টা থেকে সাড়ে ১০টার আগে কোনো কর্মকর্তা-কর্মচারী উপস্থিত হন না।
অফিস আদেশে বলা হয়েছে, অফিস প্রধান হিসেবে নির্ধারিত সময়ে কর্মস্থলে অনুপস্থিত থাকা এবং সরকারি কার্যালয় তালাবদ্ধ অবস্থায় রাখার বিষয়টি দায়িত্ব পালনে চরম অবহেলা ও গুরু অপরাধ হিসেবে চিহ্নিত হয়েছে।
এ ঘটনায় অভিযুক্ত কর্মকর্তা মো. কামাল হোসেন খানকে সাময়িক বরখাস্তসহ বিধি মোতাবেক বিভাগীয় ব্যবস্থা গ্রহণের প্রয়োজনীয় কার্যক্রম নিতে ঝালকাঠির জেলা প্রশাসককে নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে গৃহীত ব্যবস্থা সম্পর্কে বিভাগীয় কমিশনারের কার্যালয়কে অবহিত করতে বলা হয়েছে।
বিভাগীয় কমিশনারের আকস্মিক পরিদর্শনের পর সরকারি ভূমি অফিসে দায়িত্ব পালনে অবহেলার বিষয়টি সামনে আসায় সংশ্লিষ্টদের মধ্যে বিষয়টি নিয়ে আলোচনা সৃষ্টি হয়েছে।
মন্তব্য
0 টি মন্তব্য